১৬ বছর পর স্পেনের বিশ্বকাপ জয়ের আনন্দকে ম্লান করে দিয়েছে এক হৃদয় বিদারক ঘটনা।
স্পেনে বিশ্বকাপ জয় উদযাপনের সময় ফোয়ারা ধসে এক কিশোরের মৃত্যু হয়। দ্বিতীয়বারের মতো স্পেনের বিশ্বকাপ জয়ের আনন্দের মাঝে দেশটিতে ঘটেছে এক হৃদয় বিদারক ঘটনা। পশ্চিম স্পেনে জয় উদযাপনের সময় একটি ফোয়ারা আংশিকভাবে ধসে পড়ে ১৩ বছর বয়সী এক কিশোরের মৃত্যু হয়েছে এবং দুজন আহত হয়েছেন। স্থানীয় জরুরি পরিষেবা কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবার ভোরে পর্তুগাল সীমান্তের কাছে সালামানকা প্রদেশের প্রায় ১২ হাজার জনসংখ্যার শহর সিউদাদ রদ্রিগোতে ঘটে এই দুর্ঘটনা। শহরের কেন্দ্রের একটি ফোয়ারার কাছে শত শত বাসিন্দা জড়ো হয়েছিলেন, তখন ফোয়ারার অবকাঠামোর উপরের অংশটি আলগা হয়ে ভেঙে পড়ে যায় এবং বেশ কয়েকজন আহত হয়।


