দুই প্রধান সিনিয়র টিমের প্র্যাক্টিস শুরু হয়ে গেল। দুই শিবিরই কলকাতা ডার্বিতে বিদেশি কোচের অধীনে নেমেছ। ভোর রাতে কলকাতা বিমানবন্দরে নামেন বর্ষীয়ান স্প্যানিশ কোচ আন্তনিও আবাস। কলকাতা তাঁর কাছে চেনা শহর। এটিকে দিয়ে শুরু। তারপরে সবুজ মেরুন শিবির হয়ে ইন্টার কাশীর কোচিং করার দিনগুলো তিনি কাটিয়েছেন এই শহরেই। এ দিন অবশ্য তিনি নতুন বেশে অবতীর্ণ হলেন। ইস্টবেঙ্গলের কোচ হিসেবে এ দিনই নেমে পড়লেন প্র্যাক্টিসে। ইস্টবেঙ্গল টিমের প্র্যাক্টিস হলো রাজারহাটের সেন্টার অফ এক্সেলেন্সে। আবাস যখন লাল হলুদ শিবিরে পরিচিত হচ্ছেন, তখন সল্টলেক স্টেডিয়ামের ট্রেনিং গ্রাউন্ডে মোহনবাগানের প্র্যাক্টিস শুরু করেছেন নবাগত গ্রিক কোচ পানোস।তিনি টিমের নাড়ি বুঝতে প্র্যাক্টিস শুরুর আগে বেশ কিছুক্ষণ আলোচনা সারেন অভিজ্ঞ ফুটবলার শুভাশিস বসুর সঙ্গে।
দুই কোচের সামনেই এখন বড় চ্যালেঞ্জ শনিবার ডুরান্ড কাপের ডার্বি। পানোস এই ম্যাচে একজন বিদেশিকে খেলানোর সুযোগ পেলেও আবাসকে খেলতে হবে ভারতীয় ব্রিগেডকে নিয়েই। যদিও রশিদের এসে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে তিনি খেলার মতো কন্ডিশনে আছেন কিনা, তা বোঝার সময় পাবেন না আবাস।


