জাপানের নাগোয়া শহরে অনুষ্ঠিত হতে চলছে এশিয়ান গেমস। এই গেমসে অংশগ্রহণকারী ত্রিপুরার সোনার মেয়ে জুডোকা অস্মিতা দে এবং মহারাষ্ট্রের স্কোয়াশ খেলোয়াড় সুরজ চান্দ এবং অফিসিয়াল হিসেবে ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক তথা অল ইন্ডিয়া টেনিসের জয়েন্ট সেক্রেটারি সুজিত রায় সহ সর্বমোট ৫০৩ জন ক্রীড়াবিদ ও অন্যান্য অফিসিয়ালরা এশিয়ান গেমসে ভারতের প্রতিনিধিত্ব করতে যাচ্ছে। মঙ্গলবার সন্ধ্যায় দিল্লির ত্রিপুরা ভবনে এই তিনজনকে শুভেচ্ছা জানান রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়। এই শুভেচ্ছা জ্ঞাপন অনুষ্ঠানে মহারাষ্ট্র অলিম্পিক অ্যাসোসিয়েশনের সেক্রেটারি এবং মেঘালয়ের অলিম্পিক এসোসিয়েশনের ওয়ার্কিং প্রেসিডেন্ট, অরুণাচল প্রদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি এবং বিভিন্ন ফেডারেশনের পদাধিকারীবৃন্দ এবং বিশেষ করে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের সভাপতি শ্রী কল্যাণ চৌবে সহ বিশিষ্ট অতিথিরা উপস্থিত ছিলেন। মাননীয় মুখ্যমন্ত্রী সবাইকে শুভেচ্ছা জানান এবং আশা প্রকাশ করেন যে ভারতীয় দল এবার জাপান এশিয়ান গেমসে ভালো ফলাফল করবে।


