জাপানে আসন্ন এশিয়ান গেমসের লক্ষ্যে প্রস্তুতি নিতে কমনওয়েলথ গেমসে স্বর্ণ জয়ী রাজ্যের সোনার মেয়ে অস্মিতা দে আগামী সপ্তাহে ইউরোপে যাবেন। এমনটাই জানিয়েছেন অস্মিতার খেলো ইন্ডিয়া জুডোর হেড কোচ যশপাল সোলাঙ্কি। বৃহস্পতিবার রাজ্য ছাড়ার আগে বাধারঘাটের জুডো হল-এ একান্ত এক সাক্ষাৎকারে কোচ সোলাঙ্কি আসন্ন এশিয়ান গেমসের প্রস্তুতি, সম্ভাবনা ও পরিকল্পনা নিয়ে এই প্রতিবেদকের কাছে বিস্তারিত তথ্য জানান।
প্রশ্ন : কমনওয়েলথ গেমসের লক্ষ্য কি ছিল?
কোচ সোলাঙ্কি : কমনওয়েলথ গেমসে শুধু পদক জয়টা আমাদের মূল লক্ষ্য ছিল না। এটা আমাদের সাফল্যের প্রথম ধাপ ছিল। এটাও সত্যি যে গত ৩০ বছর ধরে আমরা জুডো থেকে স্বর্ণ পদক জিততে পারি নি। তাই আমাদের লক্ষ্য ছিল কমনওয়েলথ গেমসে শুধু পদক জয় নয়, স্বর্ণ পদকটাই জিততে হবে। আমাদের আসল লক্ষ্য হলো এশিয়ান গেমসে সফল হওয়া, পদক জয় করা।
প্রশ্ন : আসন্ন এশিয়ান গেমসে অস্মিতার প্রস্তুতি কি হবে?
কোচ সোলাঙ্কি : এশিয়ান গেমসই আমাদের মূল লক্ষ্য। এর জন্য পরিকল্পনা নেয়া হয়েছে। এখন থেকে ভূপালে ফিরেই প্রশিক্ষণ শুরু হয়ে যাবে। আমাদের পরিকল্পনা হলো বিশেষ প্রশিক্ষণের জন্য আগামী সপ্তাহে ইউরোপে পাড়ি দেয়া। সেখানে ভালো প্রতিপক্ষের বিরুদ্ধে লড়াই করা।
প্রশ্ন : এশিয়ান গেমসে লড়াই কতটা শক্তিশালী?
কোচ সোলাঙ্কি : এশিয়ান গেমসের অনেক বেশি তাফ লড়াইয়ের মুখে পড়তে হবে অস্মিতাকে। কমনওয়েলথ গেমসে অস্মিতা কানাডার যে মেয়েটার সাথে স্বর্ণ পদকের জন্য লড়াই করেছে সেই মেয়েটাও জাপানের ছিল। সে এখন কানাডাতে স্থায়ী ভাবে থাকে। এশিয়ান গেমসে বিশ্বের প্রথম সারির ৮ জন জুডোকার মধ্যে ৫/৬ জন এশিয়ার বিভিন্ন দেশের। ফলে অস্মিতাকে ওই ৫/৬ জনের সাথে লড়ে কয়েকজনকে হারিয়ে এগিয়ে যেতে হবে। যা মোটেও সহজ নয়।
প্রশ্ন : এশিয়ান গেমসে অস্মিতার সম্ভাবনা কি দেখছেন?
কোচ সোলাঙ্কি : অস্মিতা এই মুহূর্তে এশিয়ার পাঁচ নম্বর রেঙ্কে রয়েছে। ফলে খুবই টাফ। আমরা তৈরি আছি। আগামী ৩০-৩৫ দিন পরিকল্পনা মতো আমরা প্রস্তুতি নিতে পারলে আমার বিশ্বাস এশিয়ান গেমসেও এই পদক আমরা জিততে পারব। এই জন্য আপ্রাণ চেষ্টা থাকবে।
প্রশ্ন : এশিয়ান গেমসে কোন কোন দেশের জুডোকা অস্মিতার বড় বাধা বলে আপনি দেখছেন?
কোচ সোলাঙ্কি : চায়না খুব ভাল, কিন্তু সব থেকে টাফেস্ট লড়াই হবে জাপানের জুডোকার বিরুদ্ধে। জাপান খুবই শক্তিশালী প্রতিপক্ষ এবং এই মুহূর্তে এক নম্বরে রয়েছে। এছাড়া মঙ্গোলিয়া, কাজাকিস্তান, উজবেকিস্তান, চায়না ও উত্তর কোরিয়া – এই দেশগুলি যথেষ্ট লড়াকু। ৪৮ কেজি বিভাগে এশিয়ার ৬/৭টি মেয়ে রয়েছে যারা পদক দখলের জন্য লড়বে। শেষবার কোরিয়া বেশ ভালো ফাইট করেছিল। অবশ্য অস্মিতা পরপর দুবার কোরিয়ান মেয়েটিকে হারিয়েছে। ফলে এখন ৫ নম্বর রেঙ্ক-এ রয়েছে। এভাবে সেরাদের হারাতে পারলে এশিয়ান গেমসেও পদক আসবে।
প্রশ্ন : অস্মিতার সাফল্যের মূল চাবিকাঠি কি?
কোচ সোলাঙ্কি : যেকোন সাফল্যের পেছনে শৃঙ্খলা হলো মূল চাবিকাঠি। শৃঙ্খলা এমনটা শব্দ যেটা ছোটবেলায় সব ছেলেমেয়েরা ঘৃনা করে। বড় হলে তারাই বুঝতে পারে শৃঙ্খলা ছাড়া জীবন সফল হওয়া অসম্ভব। প্রথমে তোমাকে ভালো অভ্যাস নিজের মধ্যে তৈরি করতে হবে, তবেই সেই ভালো অভ্যাস তোমাকে সাফল্যের রাস্তা দেখাবে।
এশিয়ান গেমসের প্রস্তুতি নিতে ইউরোপ যাচ্ছে অস্মিতা, লড়াই আরো চ্যালেঞ্জিং : কোচ সোলাঙ্কি
Date:
Share post:


