জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিত পঞ্চম এশিয়ান প্যারা গেমসে সর্বমোট ১১৪টি পদক জিতে ইতিহাস গড়ল ভারত। আগের সব রেকর্ড ভেঙে এটিই এখন এশিয়ান প্যারা গেমসের ইতিহাসে ভারতের সর্বকালের সেরা ক্রীড়ানৈপুণ্য। প্রতিযোগিতা শেষে ভারত পদক তালিকার চতুর্থ স্থান অর্জন করেছে।
পদক তালিকার চূড়ান্ত পরিসংখ্যান
স্বর্ণপদক: ৩০টি, রৌপ্যপদক ৩৫টি, ব্রোঞ্জপদক ৪৯টি। মোট পদকসংখ্যা: ১১৪টি
১৬৮ সদস্যের ভারতীয় দল নিয়ে এবার অংশ নিয়েছিল ভারত। পূর্ববর্তী ২০২৩ সালের হাংঝৌ এশিয়ান প্যারা গেমসের ১০৮টি পদকের (যার মধ্যে ২৯টি সোনা ছিল) রেকর্ডকে এবার অ্যাথলিটরা পুরোপুরি ছাপিয়ে গেছেন। সোনা এবং মোট পদক—উভয় ক্ষেত্রেই এটি দেশের নতুন মাইলফলক। সন্দীপ কুমার: পুরুষদের ৪০০ মিটার (টি৬৪) ইভেন্টে ৫২.২৮ সেকেন্ড সময় নিয়ে বিশ্বরেকর্ড সহ সোনা জেতেন। এটি ছিল প্রতিযোগিতায় ভারতের ঐতিহাসিক ১০০তম পদক, সুমিত আন্তিল: পুরুষদের জ্যাভলিন থ্রো (এফ৪২-৪৪/৬১-৬৪) বিভাগে ৭২.৪৬ মিটার দূরত্বে বর্শা ছুড়ে নিজের খেতাব ধরে রেখে সোনা জেতেন। এই ইভেন্টের রুপো ও ব্রোঞ্জও জেতেন ভারতের মহেন্দ্র গুর্জর ও সঞ্জয় সন্দীপ সরগার।
হ্যানি: পুরুষদের জ্যাভলিন থ্রো (এফ৩৭/৩৮) বিভাগে ৬০.৪৯ মিটার থ্রো করে নতুন বিশ্বরেকর্ড গড়ে সোনা জেতেন।
মোনা আগরওয়াল: প্যারা শুটিংয়ে মহিলাদের ৫০ মিটার রাইফেল থ্রি পজিশনস (এসএইচ১) বিভাগে ৩৫৭.৫ স্কোর করে বিশ্বরেকর্ড ও গেমস রেকর্ডসহ সোনা জিতে ইতিহাস গড়েন।
প্রণব সুরমা: পুরুষদের ক্লাব থ্রো (এফ৫১) বিভাগে ৩২.৮৭ মিটার থ্রো করে গেমস রেকর্ডসহ সোনা পকেটে পুরেন। ব্যাডমিন্টন ও তিরন্দাজির সাফল্য
ব্যাডমিন্টনে পুরুষদের সিঙ্গলসে নীতেশ কুমার (এসএল ৩) ও নবীন শিবকুমার (এসএল ৪) সোনা জয়ের পাশাপাশি মেয়েদের ডাবলসে তুলসীমতি মুরুগেসন ও মানসী যোশী জুটি সোনা জেতেন। প্যারা রিকার্ভ তিরন্দাজিতে হরবিন্দর সিংহ ও বিজয় সুন্দি জুটি ভারতকে সোনা এনে দেন।
প্যারা টেবিল টেনিসের পুরুষদের ডাবলসে (এমডি৪) ব্রোঞ্জজয়ী দলের ৫০ বছর বয়সি জেহান দোরাব মাদান ছিলেন এবারের টুর্নামেন্টে পদকজয়ী ভারতীয় দলের সবচেয়ে প্রবীণ সদস্য।
ভারতীয় প্যারা-অ্যাথলিটদের এই অভূতপূর্ব সাফল্যে দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গভীর উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তারা অ্যাথলিটদের এই কঠোর পরিশ্রম ও গৌরবময় অর্জনকে সমগ্র জাতির জন্য অত্যন্ত গর্বের এবং আগামী প্রজন্মের জন্য এক বিশাল অনুপ্রেরণার মাইলফলক হিসেবে অভিহিত করেছেন।


