সুপার লিগের একেবারে হাই ভোল্টেজ ম্যাচ আজ। মুখোমুখি হবে দুই শক্তিশালী দল কল্যাণ সমিতি ও ব্লাডমাউথ ক্লাব। শ্যাম সুন্দর কোং জুয়েলার্স চন্দ্র স্মৃতি ফুটবলের সুপার ফোরের প্রথম রাউন্ডের দ্বিতীয় ম্যাচ এটি।
মরশুমে দু’দলের তৃতীয় সাক্ষাৎকার হতে চলেছে সুপার লীগে। রাখাল শিল্ড নকআউট ফুটবল প্রতিযোগিতার সেমিফাইনালে ব্লাডমাউথকে হারিয়েছিল কল্যাণ সমিতি। ওই পরাজয়ের বদলা কমলা কালো দল নিয়েছিল লিগে। এবার দু দলের লক্ষ্য সুপার ফোরের নিজেদের প্রথম ম্যাচে জয়লাভ করে খেতাবের দৌড়ে এগিয়ে যাওয়া। সুপারের প্রথম ম্যাচে মাঠে নামার আগে স্বস্তিতে নেই দুই শিবিরই। কল্যাণ সমিতি ভবানীপুর থেকে জিতেন মুর্মুকে আনলেও তাকে খেলাতে পারবে কিনা তা নিয়ে রয়েছে সন্দেহ। কারণ পেশাদারী লিগ থেকে কোন ফুটবলারকে আনা হলে অন্তত এক মাসের বিরতি দিয়ে খেলানোর নিয়ম রয়েছে অপেশাদারী লিগে। এমনই জানালেন কল্যাণ সমিতির ম্যানেজার তন্ময় ধর। তিনি যাবতীয় বিষয় খতিয়ে দেখছেন। যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে গুরুত্বপূর্ণ ম্যাচে প্রথম একাদশে মাঠে নামাবেন জিতেন। নতুবা নয়। অপরদিকে ব্লাডমাউথ ক্লাব মুম্বাই থেকে ফাইজ আহামেদকে আনলেও ওই ফুটবলারটির খেলায় সন্তুষ্ট নন ক্লাবকর্তারা। সম্ভবত ফাইজ আহামেদের রেজিস্ট্রেশন করা হবে না। ফলে শক্তি বাড়াতে পারছে না দুই শিবির।
বুধবার সকালে কল্যাণ সমিতি এবং বিকেলে ব্লাড ক্লাবের ফুটবলাররা প্রস্তুতি সেরে নেন। শক্তি যা-ই থাকুক কোন দলকেই এই ম্যাচে এগিয়ে রাখা যাবে না। এর পরেই জয় পাওয়া নিয়ে যথেষ্ট আত্মবিশ্বাসী দুই শিবির।


