রাজ্য সিনিয়র মেয়েদের ক্রিকেটে টানা জয় পেলো সদর। ২ ম্যাচে জিতে ‘সি’ গ্রুপ থেকে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলো। শহীদ কাজল ময়দানে রবিবার সদর ৮ উইকেটে হারায় তেলিয়ামুড়াকে। টসে জিতে তেলিয়ামুড়া মাত্র ৬৮ রান করতে সক্ষম হয়। সাত নম্বরে ব্যাট করতে নামা সেবিকা দাস ২১ বল-এ ৩টি বাউন্ডারি ও ৩টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩২ রান করেন। অতিরিক্ত পায় ১৫ রান। সদরের অন্নপূর্ণা দাস ১০ রানে ৪টি, আম্বেশা দাস ৪ রানে ৩টি এবং নিকিতা দেবনাথ ৮ রানে ২টি উইকেট ভাগ করেন। জবাবে সদর ১১ ওভারে ২ উইকেট হারিয়ে জয়ের রান তুলে নেয়। নিকিতা দেবনাথ ৩২ বল-এ ৪টি বাউন্ডারির সাহায্যে অপরাজিত ৩৩ এবং মৌচৈতি দেবনাথ ১৬ বল-এ ৪টি বাউন্ডারির সাহায্যে ২২ রান করেন।


