উদয়পুরে আন্ত: স্কুল ক্রিকেটে অঘটন ঘটালো উদয়পুর ইংলিশ মিডিয়াম স্কুল। জামজুরি স্কুলকে হারিয়ে মহকুমার সেরা হয়েছে উদয়পুর ইংলিশ মিডিয়াম স্কুল। বুধবার জামজুরি স্কুল মাঠে উদয়পুর ইংলিশ মিডিয়াম স্কুল ৩৭ রানে জয় ছিনিয়ে খেতাব পায়। বিজয়ী দলের শ্রীমন দেবনাথ ব্যাটে বলে অনবদ্য পারফরম্যান্স করে দলকে চ্যাম্পিয়ন করাতে মুখ্য ভূমিকা নিয়েছে। টসে জিতে উদয়পুর ইংলিশ মিডিয়াম স্কুল নির্ধারিত ২০ ওভারে চার উইকেট হারিয়ে ১৪০ রান করে। ওপেনার শ্রীমন ৫৯ বল-এ চারটি বাউন্ডারি ও পাঁচটি ওভার বাউন্ডারির সাহায্যে ৬৯ রানের দুরন্ত ইনিংস উপহার দেয়। এছাড়া আফতাব চৌধুরী তের বল-এ একটি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারির সাহায্যে ১৭, সানিথ সাহা ১২ বল-এ একটি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারির সাহায্যে ১৫ এবং রিহান আক্তার চার বল-এ একটি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারি সাহায্যে ১৩ রান করে। জামজুরি স্কুলের দীবরাজ দাস ৩৪ রানে দুটি উইকেট পায়। জবাবে জামজুরি স্কুল মাত্র ১০৩ রান করতে সক্ষম হয়। সুবীর বৈদ্য ৩৫ বল-এ তিনটি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারির সাহায্যে ৪০ এবং কৃসান দাস ২৪ বল-এ দুটি বাউন্ডারি ও তিনটি ওভার বাউন্ডারির সাহায্যে ৩৪ রান করে। উদয়পুর ইংলিশ মিডিয়াম স্কুলের শ্রীমন ১১ রানে তিনটি, আফতাব চৌধুরী ১৩ রানে এবং সুরজিৎ দেবনাথ ৩০ রানে দুটি করে উইকেট ভাগ করে।


