গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে ফাইনালে খেলার লক্ষ্যে নামবে ত্রিপুরা। অনূর্ধ্ব ১৯ ভিনু মানকর ট্রফি ক্রিকেটের প্লেট গ্রুপে আজ প্রতিপক্ষ মেঘালয়। উড়িষ্যার কেআইআইটি ক্রিকেট স্টেডিয়ামে হবে ম্যাচটি। ইতিমধ্যে তিনটি ম্যাচ খেলে সবকটিতে জিতে ফাইনালে খেলা ছাড়পত্র অর্জন করে নিয়েছে ছেলেরা। এখন লক্ষ্য অপরাজিতভাবে ফাইনালে খেলার ছাড়পত্র আদায় করা। সেই লক্ষ্যকে সামনে রেখে মাঠে নামবে অর্কজিৎ সাহা-রা। আসরের প্রথম থেকেই রাজ্যদলের ক্রিকেটাররা ছিলেন অপ্রতিরোধ্য। বিপক্ষ দলকে তেমন ভাবে মাথা তুলে দাঁড়াতে দেননি। গ্রুপের শেষ ম্যাচেও সেই খেলা বজায় রাখতে বদ্ধপরিকর। মঙ্গলবার সকালে বিশ্রাম দেওয়া হয় ক্রিকেটারদের। বিকেলে ফিজিও এবং ট্রেনার হালকা কসরত করান। মেঘালয়ের ম্যাচে জয় পাওয়া নিয়ে নিশ্চিত ত্রিপুরার টিম ম্যানেজমেন্ট। কোচ জয়ন্ত দেবনাথ বলেন, “আমাদের লক্ষ্য আগামী বছর এলিটে খেলা। সেই লক্ষ্যকে সামনে রেখে প্রতিটি ম্যাচ আমরা খেলে চলছি। সব দলই আমাদের কাছে শক্তিশালী। তা মাথায় রেখেই মেঘালয়ের বিরুদ্ধে মাঠে নামবে ছেলেরা। লক্ষ্য একটাই, ফাইনাল ম্যাচ এর আগে মনোবল বাড়িয়ে নেওয়া”। ১৮ অক্টোবর হবে আসরের ফাইনাল ম্যাচ। জিতলে এলিট খেলার ছাড়পত্র পাবে।


