ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন-কে একাডেমির জমি দেয়া নিয়ে ব্যাখ্যা দিলেন মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা। তিনি জানান, টিসিএ পয়সা দিয়েই জমি কিনতে চেয়েছে। সেটা প্রাইভেট হলে অনেক টাকা দিতে হতো। তাই সরকার থেকে কম দামে কিনছে।
ক্রিকেট একাডেমির জমি সংক্রান্ত বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “আসলে ওরাই (টিসিএ) জমি কিনতে যাচ্ছিল। প্রাইভেট ল্যান্ড যদি টিসিএ কিনতে যায়, এর দশ গুণ দামে কিনতে হবে। সেই কথাটা আমি বলেছি। আমার রেভিনিউ-এর রুলস রেগুলেশন মেনটেইন করতে হবে। সেই জন্য ৬ কোটি যেটা দাম ৩০ একরের বেশি জায়গার জন্য চাওয়া হয়েছে, সেটা এমনি কিনতে চাইলে প্রচুর টাকা দিতে হবে। এর জন্য ওরাই (টিসিএ) বলেছে পয়সা দিয়ে জমি কিনবে। রেভিনিউ দপ্তরকে টাকা দিয়ে দেবে”।
মুখ্যমন্ত্রী আরও বলেন, “আমি দেখেছি নিউজটা। ওরাও (টিসিএ) চায় নি একেবারে ফ্রি করে দিতে। ওরা (টিসিএ) বলেছে তাদের কাছে টাকা আছে তারা কিনবে। এরজন্য আমি বলেছি, জমি কিনতে গিয়ে যে পয়সাটা বেশী খরচা হতো, সেটা সেখানে না দিয়ে পরিকাঠামো তৈরিতে লাগাতে পারলে ভালো হবে”।
তিনি বলেন, “আমার সরকারকে তো বাঁচাতে হবে। সরকারকে বাঁচানোর জন্যই ওই টাকা চাওয়া হয়েছে। আর ওই টাকা কোথায় যাবে, সরকারের কাছে যাবে। সাধারণ মানুষের ওই টাকা কাজে আসবে”।
জমির টাকা মুকুবের কোন দাবি টিসিএ করেনি বলে উল্লেখ করে মুখ্যমন্ত্রী আবারও বলেন, “ওরা (টিসিএ) জমির টাকা ফ্রি করে দিতে কোন ডিমান্ড করে নি। একবারও বলে নি ফ্রি করতে। আমি দেখেছি নিউজটা”।
আপনি তো বলেছিলেন পুরো জমির টাকা ফ্রি করে দেবেন – সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি হেসে জানান, “এরকম আমার মনে নেই … ফ্রি করার বিষয় না, ওনারা (টিসিএ কর্তারা) তো ফ্রি করার জন্য কোন আবেদনই করেন নি। ওনারা (টিসিএ কর্তারা) বলছেন তারা পয়সা দিতে চান। সরকারের যা নিয়ম সেই নিয়মে তারা পয়সা দেবেন”।


