পরাজয়ের হ্যাটট্রিক রুখতে বৃহস্পতিবার মাঠে নামবে ত্রিপুরার সিনিয়র মেয়েরা। এবার প্রতিপক্ষ গুজরাট। লখনউ-এর ভারত রত্ন শ্রী অটল বিহারী বাজপেয়ী একানা স্টেডিয়ামে আজ দুপুর দেড়টায় শুরু হবে ম্যাচটি। জাতীয় সিনিয়র মহিলাদের টি-২০ ক্রিকেটে ইতিমধ্যে দুদলই দুটি করে ম্যাচ খেলে নিয়েছে। ত্রিপুরা এখনও জয়ের মুখ না দেখলেও গুজরাট একটি ম্যাচে জয় পেয়েছে। চ্যালেঞ্জ ছুড়ে দিতে প্রস্তুত ত্রিপুরার ক্রিকেটাররা। প্রথম ম্যাচে রেলওয়ের বিরুদ্ধে দুরন্ত লড়াই করলেও দ্বিতীয় ম্যাচে তামিলনাড়ুর বিরুদ্ধে তেমন ভালো খেলতে পারেননি মেয়েরা। ব্যাট হাতে চূড়ান্ত ব্যর্থতায় হারতে হয়েছে।


