একেবারে বিরক্তিকর ফুটবলে পয়েন্ট ভাগ করলো ফ্রেন্ডস ইউনিয়ন ও মৌচাক ক্লাব। ঘরোয়া দ্বিতীয় ডিভিশন লিগের নিয়মরক্ষার লড়াইটি ২-২ গোলে শেষ হয়। উভয় দল পয়েন্ট ভাগ করে।
উমাকান্ত মিনি স্টেডিয়ামে বিকেলের লড়াইয়ে খেলার মান মোটেও ভালো ছিল না। কিল্লা ও জম্পুইজলার ফুটবলাররা দুই দলের হয়ে লড়ে। ম্যাচের প্রথমার্ধেই হয় চারটি গোল। ২৫ মিনিটে প্রথম জাল নাড়ায় ফ্রেন্ডসের প্রবীর জমাতিয়া। এগিয়ে গেলেও আরও বেশ কয়েকটি সুযোগও নষ্ট করে। পরে দুটি গোল করে মৌচাকে জয়ের আশা জাগায় দলের ছেলেরা। ৩৩ মিনিটে মনীষ দেববর্মা ও ৩৭ মিনিটে সুখদয়াল জমাতিয়া পরপর দুটি গোল করেন। মৌচাকের লিড দাঁড়ায় ২-১। যদিও বিরতির আগে ৪৪ মিনিটে প্রবীর জমাতিয়া ২-২ করে দেন। বিরতির পর দু’দলই উদ্দেশ্যহীন খেলে। বিরক্তিকর খেলায় জাল আর নড়ে নি!


