সিরিজ় হাতছাড়া হওয়ার পর ভারতের বিরুদ্ধে টি-২০’র ক্রিকেটে সর্বোচ্চ রানের নজির গড়ল নিউ জ়িল্যান্ড। শুক্রবার অকল্যান্ডে মিচেল স্যান্টনারের দল ভেঙে দিল ইংল্যান্ডের রেকর্ড। টি-২০ ক্রিকেটে ভারতের বিরুদ্ধে সেরা পাঁচটি রানই হয়েছে চলতি বছরে। শ্রেয়াস আয়ারদের বিরুদ্ধে ৭ উইকেটে ২৫৯ রান করল নিউ জ়িল্যান্ড। এর আগে কোনও দল ভারতের বিরুদ্ধে ২০ ওভারের ক্রিকেটে এত রান করতে পারেনি। আগের সর্বোচ্চ রান ছিল ইংল্যান্ডের ২৫৭। গত ১১ জুলাই সাউদম্পটনে ৩ উইকেটে ২৫৭ রান করেছিল হ্যারি ব্রুকের দল। এই হিসেবে নতুন নজির গড়ল কিউইজরা। যা অর্শদীপ সিং’দের ব্যর্থতাও বটে। বেশ কিছু দিন ধরেই ২০ ওভারের ক্রিকেটে ভারতীয় দলের বোলিং নিয়ে প্রশ্ন উঠছে।ভারতের বিরুদ্ধে তৃতীয় সর্বোচ্চ রান ওয়েস্ট ইন্ডিজ়ের, ৪ উইকেটে ২৫২। গত ৯ অক্টোবর রাঁচীতে সেই রান করেন সাই হোপেরা। গত ১৪ অক্টোবর হায়দ্রাবাদে ক্যারিবিয়ানেরাই করেছিল ৩ উইকেটে ২৪৭ রান। যা রয়েছে তালিকায় চতুর্থ স্থানে। ভারতের বিরুদ্ধে পঞ্চম সর্বোচ্চ রান ইংল্যান্ডের। গত ৫ মার্চ ওয়াংখেড়েতে ৭ উইকেটে ২৪৬ রান করেন ব্রুকেরা। এর আগে ভারতের বিরুদ্ধে টি-২০ ক্রিকেটে নিউ জ়িল্যান্ডের সর্বোচ্চ রান ছিল ২২৫। গত ৩১ জানুয়ারি তিরুবনন্তপুরমে ওই ইনিংস খেলেছিল কিউইজরা। এছাড়া গত ২২ অক্টোবর ক্রাইস্টচার্চেও ৪ উইকেটে ২২৫ রান করেন স্যান্টনারেরা।


