লিড নেয়া হলো না ব্লাডমাউথ ক্লাবের। ম্যাচ শেষ হলো অমিমাংশিতভাবে। লিড নিয়ে ৩ পয়েন্ট পেলো স্ফুলিঙ্গ। যোগেশ চক্রবর্তী স্মৃতি লিগ ক্রিকেটে নরসিংগড় টিআইটি মাঠে স্ফুলিঙ্গের ১৯৯ রানের জবাবে ব্লাড মাউথ ১৯৪ রান করে। ৫ রানে এগিয়ে থেকে ম্যাচের শেষ বল পর্যন্ত স্ফুলিঙ্গ ৬ উইকেট হারিয়ে ১২৮ রান করে। আসরে দুই ম্যাচ খেলে ৯ পয়েন্ট নিয়ে জেসিসি-র সঙ্গে শীর্ষে রয়েছে স্ফুলিঙ্গ। ফলে আসরের শেষ ম্যাচটি হবে ফাইনাল। এতে মুখোমুখি হবে জেসিসি এবং স্ফুলিঙ্গ। ১৩-১৫ সেপ্টেম্বর এমবিবি এ যারা জয় পাবে না লিড নিয়ে ড্র করবে খেতাব তাদের দখলেই যাবে। দ্বিতীয় দিনের ৮ উইকেটে ১৯৪ রান নিয়ে খেলতে নেমে শুক্রবার কোনও রান যোগ করার আগেই শেষ দুটি উইকেট হারায় ব্লাড মাউথ! ফলে ৫ রানে লিড পেয়ে যায় স্ফুলিঙ্গ ক্লাব। জবাবে খেলতে নেমে দ্বিতীয় ইনিংসে শুরুটা ভালো করেন দুই ওপেনার দেবাংশু দত্ত এবং পল্লব দাস। স্কোরবোর্ড সচল রাখার থেকে উইকেটে টিকে থাকার উপর বেশী নজর দেন দুই ব্যাটসম্যান। ওপেনিং জুটিতে ১৫২ বল-এ দুজন যোগ করেন ৬৮ রান। দেবাংশু ১৩১ বল-এ ২৩ এবং পল্লব ৭৭ বল-এ ৪টি বাউন্ডারির সাহায্যে ৪৬ রান করেন। এরপরই দেখা দেয় ধস। দ্রুত প্যাভেলিয়নে ফেরেন জয়দীপ বনিক (০), সপ্তজিৎ দাস (৯) এবং সৌরভ দাস (৩)। অরিন্দম বর্মন কিছুটা প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেন। অরিন্দম ৩৩ বল-এ ১টি ওভার বাউন্ডারির সাহায্যে ২২ রান করেন। শেষ পর্যন্ত ৪৮ ওভার ব্যাট করে ৬ উইকেট হারিয়ে ১২৮ রান করে স্ফুলিঙ্গ। ব্লাডমাউথ ক্লাবের বালকেশ যাদব ২৬ রানে ৪টি উইকেট পান। পর পর দুই ম্যাচে প্রথম ইনিংসে পিছিয়ে থেকে ২ পয়েন্ট পেয়ে ট্রফির দৌড় থেকে ছিটকে গেলো ব্লাডমাউথ।


