সাব্রুমে পূর্ণেন্দু বিকাশ স্মৃতি সিনিয়র ক্লাব লিগ ক্রিকেটে মহকুমার সেরা হয় অমর সংঘ। ফাইনালে বিধ্বস্ত করে সাতচাঁদ সমাজ শিক্ষা সংঘকে। মঙ্গলবার মহকুমার কলেজ স্টেডিয়ামে বিজয়ী দলের রঞ্জিত ত্রিপুরা ব্যাট ও বল হাতে দাপট দেখিয়েছেন। টসে জিতে অমর সংঘ ১৫১ রান করে। রঞ্জিত ত্রিপুরা ৬৭ বল-এ ৬টি বাউন্ডারি ও ১টি ওভার বাউন্ডারির সাহায্যে ৫১, সুমিত ত্রিপুরা ৪৮ বল-এ ২টি বাউন্ডারির সাহায্যে ২৯ এবং বরঞ্জয় ত্রিপুরা ৫০ বল-এ ৩টি বাউন্ডারির সাহায্যে ১৪ রান করেন। সাতচাঁদ সমাজ শিক্ষা সংঘের নজর ত্রিপুরা ১৫ রানে এবং তনুময় ভট্টাচার্য ৩০ রানে ২টি করে উইকেট ভাগ করেন। জবাবে রঞ্জিত ত্রিপুরার আগুন ঝরানো বোলিংয়ে মাত্র ৮৭ রানে গুটিয়ে যায় সাতচাঁদ সমাজ শিক্ষা সংঘ। সৌমেন দে ৩৬ বল-এ ৩টি বাউন্ডারি ও ২টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩১ এবং রূপক দেবনাথ ৪০ বল-এ ১০ রান করেন। অতিরিক্ত পায় ১৪ রান। অমর সংঘের রঞ্জিৎ ত্রিপুরা ২৫ রানে ৫টি, বরঞ্জয় ত্রিপুরা ৪ রানে এবং জীতেন্দ্র ত্রিপুরা ১২ রানে ২টি করে উইকেট ভাগ করেন।


