অনূর্ধ্ব ১৯ মেয়েদের ক্রিকেটারদের নিয়ে শুক্রবার থেকে শুরু হয়েছে চূড়ান্ত প্রস্তুতি। চলবে ৫ অক্টোবর পর্যন্ত। ৬ অক্টোবর গুয়াহাটিতে যাবে রাজ্যদল। সেখানেই এবার টি-২০ আসর। এবছর প্লেট গ্রুপে খেলবে ত্রিপুরা। ৯ অক্টোবর প্রথম প্রতিপক্ষ মেঘালয়। এরপর ১০ অক্টোবর মণিপুর, ১২ অক্টোবর সিকিম, ১৪ অক্টোবর নাগাল্যান্ড এবং ১৬ অক্টোবর শেষ ম্যাচ খেলবে অরুণাচল প্রদেশের বিরুদ্ধে। শুক্রবার সকালে দলের ক্রিকেটারদের দু’দলে ভাগ করে হয় প্রস্তুতি ম্যাচ। বিকেলে ফিল্ডিং করার পাশাপাশি ফিটনেসের উপর জোর দেন কোচ দেবব্রত চৌধুরী। অনুশীলন শেষে কোচ বলেন, “চেষ্টা করছি মেয়েদের থেকে সেরা খেলাটা বের করে আনার। সেই লক্ষ্যে চলছে প্রস্তুতি। আশা করি মেয়েরা যদি তাদের সুনাম অনুযায়ী খেলতে পারে তাহলে এবছর এলিটে খেলার ছাড়পত্র অর্জন করতে পারব”।


