এখন বিশ্বকাপ জয়ের মুহূর্তটি উপভোগ করতে চান লুইস দে লা ফুয়েন্তে।
২০৩০ বিশ্বকাপ পর্যন্ত থাকবেন? তাড়াহুড়ো করতে চান না। ‘সম্ভাব্য সবকিছু জিতেছি’, বিশ্ব জয়ের পর গর্ব নিয়ে বলেছেন লুইস দে লা ফুয়েন্তে। চার বছর পরের বিশ্বকাপে কি তাহলে স্পেনের ডাগআউটে থাকার কথা ভাববেন তিনি? ভবিষ্যৎ নিয়ে আপাতত চিন্তা করছেন না দলটির কোচ। বলেছেন, এখন ঐতিহাসিক মুহূর্তটি উপভোগ করতে চান। ৬৫ বছর বয়সে বিশ্বকাপ জিতে ইতিহাসে নাম লিখিয়েছেন দে লা ফুয়েন্তে। বিশ্ব জয় করা সবচেয়ে বেশি বয়স্ক কোচ এখন তিনি। তার কোচিংয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৮ ম্যাচ ধরে অপরাজিত স্প্যানিশরা। ইউরোপ ও দক্ষিণ আমেরিকার কোনো দলের নেই এমন কীর্তি। ২০২৮ সালের ইউরো পর্যন্ত স্পেনের সঙ্গে চুক্তি আছে দে লা ফুয়েন্তের। এরপর কি চুক্তির মেয়াদ বাড়াবেন তিনি? দলকে আরেকটি বিশ্বকাপ জয়ের পথে এগিয়ে নিতে ২০৩০ সাল পর্যন্ত থাকবেন দায়িত্বে? এসব প্রশ্ন উঠছে এখন। ম্যাচ শেষে দে লা ফুয়েন্তে বলেন, ভবিষ্যৎ নিয়ে তাড়াহুড়া করতে নারাজ তিনি। আপাতত উপভোগ করে যেতে চান বিশ্বকাপ জয়ের মুহূর্তটি। “যেখানে থাকতে চেয়েছিলাম, সেই জায়গায়টায় এখন আছি। এমন খেলোয়াড়দের নিয়ে কাজ করতে পারা সৌভাগ্যের। ভবিষ্যৎ নিয়ে কোনো তাড়াহুড়ো নেই। এখন মুহূর্তটা উপভোগ করতে হবে। হয়তো সেপ্টেম্বর এবং পরবর্তী ম্যাচগুলো নিয়ে ভাবব, তবে এটি একটি ঐতিহাসিক অর্জন; একটি ম্যাচ ধরে সামনে এগোতে চাই।” ২০৩০ বিশ্বকাপের সহ-আয়োজক স্পেন। তাদের সঙ্গে থাকবে পর্তুগাল ও মরক্কো।


