সব ফুটবলার না এলেও ‘বার পুজো’ দিয়ে অনুশীলন শুরু করল এগিয়ে চলো সংঘ। রবিবার সকালে উমাকান্ত মিনি স্টেডিয়াম বার পুজো দেয় ময়দানে ঐতিহ্যবাহী ক্লাবের। ভিন রাজ্যের ৬ ফুটবলারের পাশাপাশি স্থানীয় এক ফুটবলারকে নিয়ে অনুশীলন শুরু করেন কোচ সুজিত হালদার। ছিলেন সহকারী কোচ কর্ণেন্দু দেববর্মা ও জন ভট্টাচার্য। গত মরশুমের দুঃখ ভোলা এবছর লক্ষ্য ক্লাব কর্তাদের। গত বছর ভালো দল গড়েও চ্যাম্পিয়ন ট্রফি ঘরে তুলতে পারেনি। এর আগে টানা ৩ বছর চ্যাম্পিয়ন ছিল মেলারমাঠের এই ক্লাবটি। গতবার বাজিমাত করে ব্লাডমাউথ ক্লাব। তাই এবছর দেশের বেশ কয়েকজন তারকা ফুটবলারকে নিয়ে গড়া হয়েছে দল।মরশুমে দলের হয়ে খেলতে এসেছেন আসিফ আলি মোল্লা, রাজেন্দর সিং বারেলি, মোহিত, সুরজ রাসেলি, মোহনবাগানের স্টার কিলং এবং প্রিয়াংসু ক্ষেত্রী। স্থানীয়দের মধ্যে সাবাত জমাতিয়া যোগ দিয়েছেন দলের সঙ্গে। আজ মণিপুরের ৫ ফুটবলার যোগ দেবেন বলে ক্লাব সূত্রে খবর। এই ৫ জন হলেন: মমচা, সানা সিং, নওয়াজ শরিফ, মেইতে এবং মালান সিং। এছাড়া মঙ্গলবার দিল্লি থেকে নির্মল বিস্ট এবং ১ আগস্ট মণিপুর থেকে আসবেন রমেন সিং। গোলরক্ষক অমিতও শীঘ্রই দলের সাথে যোগ দিতে চলেছে। বার পুজোর পর এদিন হালকা অনুশীলন হয় দলের। সহকারী কোচ কর্ণেন্দু দেববর্মা আগাম কিছু বলতে নারাজ। স্পষ্ট ভাবেই বলেন, “পুরো দল হাতে পেলে বুঝতে পারব কতটা শক্তি। তবে চেষ্টা করব ক্লাব কর্তাদের প্রত্যাশা পূরণ করার”। ক্লাব কর্তারাও আশাবাদী এবছর সাফল্য পাওয়া নিয়ে।


