বিশ্বকাপের পর ছুটি কাটিয়ে ইন্টার মায়ামির অনুশীলনে ফিরেছেন লিওনেল মেসি ও রদ্রিগো দে পল, তবে ম্যাচ খেলা নিশ্চিত নয় এখনও। ছুটি কাটিয়ে ফের ইন্টার মায়ামির অনুশীলনের মেসি। ইন্টার মায়ামির ভারপ্রাপ্ত কোচ গিয়ের্মো ওশো বলেছেন, মাঠে ফেরা নিয়ে মেসির সঙ্গে তিনি আলোচনা করবেন। গত ১৯ জুলাই নিউ জার্সিতে স্পেনের বিপক্ষে বিশ্বকাপ ফাইনালে খেলার পর ১০ দিন ছুটিতে ছিলেন মেসি। পরে ইন্টার মায়ামির সাথে অনুশীলনে ফিরেছেন তিনি ও রদ্রিগো দে পল। বিশ্বকাপ শেষ হওয়ার আগেই মেজর লিগ সকারের বিরতি শেষ হয়ে যায়। মেসি ও দে পল এই সময়ে মায়ামির দুটি ম্যাচে খেলতে পারেননি। এছাড়া লিগা এমএক্স একাদশের বিপক্ষে মেজর লিগ সকার অল স্টার দলের ম্যাচটিতেও তারা বাইরে ছিলেন। মায়ামির পরের ম্যাচ রবিবার প্রতিপক্ষ কলম্বাস ক্রু। এই ম্যাচের আগে মেসির খেলার সম্ভাব্যতা নিয়ে সংবাদমাধ্যমের কৌতূহলের জবাব দিলেন কোচ ওশো। “আমরা এ ব্যাপারে কথা বলেছি। সে সবে ফিরেছে ক্লাবে। আমরা এখনও ঠিকমতো কথা বলার সুযোগ পাইনি। তারা ফিরে আসায়, ক্লাবে ফেরায় আমরা সত্যিই খুশি। তাদের এখানে দেখে খুব ভালো লাগছে।” বিশ্বকাপে আটটি গোল ও চারটি অ্যাসিস্ট করে আর্জেন্টিনাকে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে নিয়ে যান মেসি। ফাইনালে পুরো ১২০ মিনিটই খেলেন মেসি, দে পল মাঠে ছিলেন ৭০ মিনিট। আপাতদৃষ্টিতে কলম্বার ক্রুর বিপক্ষে মেসির খেলার সম্ভাবনা সামান্য বলেই মনে হচ্ছে। দুটি টুর্নামেন্ট সমান্তরালে চলতে থাকায় সামনে ফুটবলারদের কাজ কঠিন হয়ে উঠবে বলেই মনে করেন মায়ামি কোচ। “আমার মনে হয়, বিপুল সংখ্যার ম্যাচের কারণে কাজটা খুবই কঠিন। টানা কয়েক সপ্তাহ ধরে সত্যিকারের জট থাকবে মাচে, দম ফেলার বা বিশ্রাম নেওয়ার সময় খুব একটা দেবে না। ব্যাপার মূলত এটাই: ম্যাচ, খেলা, বিশ্রাম, খেলা, ইত্যাদি। এটা খুবই কঠিন; ম্যাচের চাপ অনেক বেশি এবং তা শরীরের ওপর মারাত্মক প্রভাব ফেলে, প্রতিযোগিতাটাই ক্লান্তিকর।”
মেসির নৈপুণ্যে ২০২৩ লিগস কাপ জিতেছিল মায়ামি। গত বছরে ফাইনালে পৌঁছানোর পর সিয়াটল সাউন্ডার্স এফসির কাছে হেরে যায় তারা।


