মৌচৈতি দেবনাথের দুরন্ত ব্যাটিং-এ সেমি ফাইনালে খেলার ছাড়পত্র পেলো কসমোপলিটন ক্লাব। আসরের অন্যতম ফেভারিট এগিয়ে চলো সংঘকে হারায় ৮ উইকেটে। ফলে ফাইনালে যাওয়ার লড়াইয়ে কসমোপলিটন খেলবে ব্লাডমাউথ ক্লাবের বিরুদ্ধে। সোমবার টি আই টি মাঠে হবে ম্যাচটি। মেয়েদের সিনিয়র টি-২০ ক্রিকেটে টসে জিতে এগিয়ে চলো মাত্র ৯০ রান করে। মৌটুসী দে ৪৮ বল-এ ৬টি বাউন্ডারির সাহায্যে ৪৬, মেঘা সরকার ১১ এবং অন্নপূর্ণা দাস ১১ রান করেন। কসমোপলিটনের প্রিয়াংকা নোয়াতিয়া ৬ রানে ৩টি উইকেট পান। জবাবে কসমোপলিটন ১৭.১ ওভারে ২ উইকেট হারিয়ে জয় তুলে নেয়। মৌচৈতি দেবনাথ ৪৯ বল-এ ৫টি বাউন্ডারির সাহায্যে ৫৭ রানে অপরাজিত থেকে যান। এছাড়া অস্মিতা দাস ৩৩ বল খেলে ১টি বাউন্ডারির সাহায্যে ১৯ রান করেন।
মডার্ণকে সহজেই হারালো ব্লাডমাউথ
দাপট দেখিয়ে সেমিফাইনালে উঠলো ব্লাডমাউথ ক্লাব। অনায়াসেই ৮২ রানে হারালো মডার্ন ক্রিকেট একাডেমীকে। মেয়েদের সিনিয়র টি-২০ ক্রিকেটে পুলিশ ট্রেনিং একাডেমি মাঠে শনিবার সকালে দাপট দেখিয়েছেন অম্বিকা দেবনাথ। টসে জিতে ব্লাডমাউথ নির্ধারিত ওভারে তিন উইকেট হারিয়ে ১৩৯ রান করে। দলকে লড়াই করার স্কোরে নিয়ে যেতে মুখ্য ভূমিকা নেন ওপেনার অম্বিকা। দুরন্ত ব্যাট করে ত্রিপুরা সিনিয়র মহিলা দলের এই ব্যাটসম্যানটি ৬৬ বল-এ নয়টি বাউন্ডারি সাহায্যে ৭৬ রান করেন। এছাড়া দেবাদ্রিতা দেব ২৩ বল-এ তিনটি বাউন্ডারির সাহায্যে ২৫ রান করেন। জবাবে বিপক্ষের বোলারদের আক্রমণের মুখে মাত্র ৫৭ রানে গুটিয়ে যায় মডার্ন ক্রিকেট একাডেমি। রুপালী দাস ২৯ বল-এ একটি বাউন্ডারির সাহায্যে ১৬ রান করেন। অতিরিক্ত সর্বাধিক পায় ১৭ রান। ব্লাডমাউথের প্রিয়া সূত্রধর ৭ রানে এবং অম্বেষা দাস ১১ রানে ৩টি করে উইকেট ভাগ করে।


