প্রত্যাশিতভাবেই সেমিফাইনালে উঠলো মৌচাক ক্লাব। ফাইনালে যাওয়ার লড়াইয়ে মৌচাক খেলবে তরুণ সংঘ কোচিং সেন্টারের বিরুদ্ধে। ৩ আগস্ট পুলিশ ট্রেনিং একাডেমি মাঠে হবে ম্যাচটি। মেয়েদের সিনিয়র টি-২০ ক্রিকেটে শনিবার পুলিশ ট্রেনিং একাডেমি মাঠে কোয়ার্টার ফাইনালে মৌচাক ক্লাব ৯ উইকেটে ছিটকে দেয় কর্নেল কোচিং সেন্টারকে। টসে জিতে কর্নেল কোচিং সেন্টার মাত্র ৬৪ রান করে। একমাত্র নরিয়া দেববর্মা ৩৯ বল-এ ২টি বাউন্ডারির সাহায্যে ২১ রান করেন। অতিরিক্ত পায় ১৯ রান। মৌচাকের পূজা দাস ৯ রানে ৩টি এবং নিবেদিতা দাস ১২ রানে ২টি উইকেট ভাগ করেন। জবাবে মৌচাক ৮.৫ ওভারে ১ উইকেট হারিয়ে জয় তুলে নেয়। সুপ্রিয়া দাস ২৪ বল-এ ৪টি বাউন্ডারির সাহায্যে ২৭ রানে এবং তানিশা দাস ১৩ বল-এ ৩টি বাউন্ডারির সাহায্যে ১৮ রানে অপরাজিত থেকে যান।
ইন্দ্র রাণী ও বিজয়া জয় এনে দিল
ইন্দ্ররাণী জমাতিয়া ও বিজয়া ঘোষের হাত ধরে সহজে সেমিফাইনালে উঠলো তরুণ সংঘ কোচিং সেন্টার। ১৫৭ রানে হারায় নিউ প্লে সেন্টারকে। মেয়েদের সিনিয়র টি-২০ ক্রিকেটে টি আই টি মাঠে শনিবার টসে জিতে তরুণ সংঘ নির্ধারিত ওভারে কোনও উইকেট না হারিয়ে ১৯৫ রান তোলে। ওপেনার ইন্দ্ররাণী ৬৬ বল-এ ১২টি বাউন্ডারিও ১টি ওভার বাউন্ডারি সাহায্যে ৯৪ রানে এবং ঝুমকি দেবনাথ ৬৬ বল-এ ৬টি বাউন্ডারির সাহায্যে ৮০ রানে অপরাজিত থেকে যান। অতিরিক্ত পায় ২১ রান। জবাবে নিউ প্লে সেন্টারের ইনিংস গুটিয়ে যায় মাত্র ৩৮ রানে। অতিরিক্ত পায় সর্বাধিক ১০ রান। তরুণ সংঘের বিজয়া ঘোষ ১২ রানের ৪টি এবং সুস্মিতা তেলী ৬ রানে ২টি উইকেট ভাগ করেন।


