অবশেষে জয়ের মুখ দেখলো বীরেন্দ্র ক্লাব। ঘরোয়া দ্বিতীয় ডিভিশন লিগ ফুটবলে বীরেন্দ্র রবিবার জয় পায় ৫-০ গোলের বিশাল ব্যবধানে। হারায় নবোদয় সংঘকে। ফলে নবদয়ের ট্রফির আশা শেষ হয়ে যায়। উমাকান্ত মিনি স্টেডিয়ামে বিকালে অনুষ্ঠিত খেলায় এদিন শুরু থেকেই দাপট ছিল বীরেন্দ্রের। ম্যাচের ৩ মিনিটে প্রথম গোলটি করেন হরাং বুংগা। ১৪ মিনিটে রবিউল হাসান ও ২৫ মিনিটে প্রীতম সরকার পরপর দুটি গোল করলে জয় অনেকটাই নিশ্চিত হয়ে যায়। বিরতির পর ৬৬ মিনিটে বুংগা ৪-০ ও ৭৬ মিনিটে প্রীতম ৫-০ করে দেন। ফলে তিন পয়েন্ট বীরেন্দ্রর ঝুলিতে আছে। নবোদয় একপ্রকার আত্মসমর্পণ করে।


