দুই ম্যাচ আগেই খেতাব নিশ্চিত করতে বুধবার মাঠে নামবে ত্রিবেণী সংঘ। প্রতিপক্ষ ত্রিপুরা পুলিশ। ঘরোয়া দ্বিতীয় ডিভিশন লিগের লড়াইটি উমাকান্ত মিনি স্টেডিয়ামে আজ সন্ধ্যা ছয়টায় নৈশালোকে হবে। পাঁচ ম্যাচ খেলে সব’কটিতে জয় ছিনিয়ে ১৫ পয়েন্ট নিয়ে এককভাবে শীর্ষে রয়েছে ত্রিবেণী সংঘ। এর পেছনে রয়েছে সরোজ সংঘ। তবে সরোজ শেষ ম্যাচ গুলিতে জয় পেলে তাদের সংগৃহীত পয়েন্ট হবে ১৭। ওই জায়গায় আজ ত্রিবেণী জয় পেলে ১৮ পয়েন্ট নিয়ে খেতাব নিশ্চিত করে নেবে। প্রতিপক্ষ দল অপেক্ষাকৃত দুর্বল হলেও এই ম্যাচকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন ত্রিবেণী সংঘের কোচ ও কর্মকর্তারা। দলের ম্যানেজার তন্ময় ধর বলেন, “আমরা শেষের দুই ম্যাচ নিয়ে ভাবতে চাই না। লক্ষ্য আজ খেতাব ছিনিয়ে নেয়া। সেই লক্ষ্যকে সামনে রেখেই প্রথম একাদশ মাঠে নামানো হবে। পুরো তিন পয়েন্ট নিয়েই আমরা মাঠ ছাড়তে চাইছি”। এদিকে ত্রিবেণী সংঘকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে তৈরী ত্রিপুরা পুলিশের ফুটবলাররা।


