জিরানিয়ায় আন্ত: স্কুল ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বিজয় দাসের অলরাউন্ড পারফরমেন্সে ফাইনালে উঠলো ওল্ড আগরতলা পিএম শ্রী ইংলিশ মিডিয়াম স্কুল। হারালো সংহতি বিদ্যামন্দির ইংলিশ মিডিয়াম স্কুলকে। শুক্রবার রাণীরবাজার বিদ্যামন্দির মাঠে ওল্ড আগরতলা পিএম শ্রী ইংলিশ মিডিয়াম স্কুল জয় পায় ৪০ রানে। বিজয়ী দলের বিজয় দাস প্রথমে ব্যাট হাতে ৪০ রান করার পর বল হাতে চার উইকেট তুলে নিয়ে বিপক্ষ দলের মেরুদন্ড ভেঙ্গে দেয়। বিফলে যায় রনজিৎ সাহার বিধ্বংসী বোলিং। টসে জিতে ওল্ড আগরতলা স্কুল ৯২ রান করে। দলনায়ক বিজয় দাস ৮৬ বল-এ দুটি বাউন্ডারির সাহায্যে ৪০ রান করে। অতিরিক্ত পায় ৩৪ রান। সংহতি বিদ্যামন্দির স্কুলের রনজিৎ সাহা ১০ রানে ৬টি উইকেট দখল করে। জবাবে সুদীপ দাস এবং বিজয় দাসের বোলিং-এর সামনে শুরু থেকেই ভেঙে পড়ে সংহতি বিদ্যামন্দির ইংলিশ মিডিয়াম স্কুলের ইনিংস। শেষ পর্যন্ত ৫২ রান করতে সক্ষম হয়। জিৎ দাস ১৯ বল-এ একটি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারির সাহায্যে ১৫ এবং রাহুল দাস ৩৪ বল-এ একটি বাউন্ডারির সাহায্যে ১২ রান করে। ওল্ড আগরতলা পিএম শ্রী ইংলিশ মিডিয়াম স্কুলের বিজয় দাস ১৩ রানে এবং সুদীপ দাস ২২ রানে চারটি করে উইকেট দখল করে। ৯ অগাস্ট দ্বিতীয় সেমিফাইনালে রাণীরবাজার বিদ্যামন্দির খেলবে পি এম শ্রী রানীর গাও ইংলিশ মিডিয়াম স্কুলের বিরুদ্ধে।


