২০২৭ একদিনের বিশ্বকাপ ক্রিকেটের আসরে খেলার যোগ্যতা অর্জন করল আফগানিস্তান। আয়ারল্যান্ডকে দ্বিতীয় একদিনের ম্যাচে হারিয়ে বিশ্বকাপে খেলা নিশ্চিত করে ফেলল আফগান ব্রিগেড। যোগ্যতা অর্জনের পর্ব খেলে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করতে হবে আইরিশদের। গত বুধবার আয়ারল্যান্ড বনাম আফগানিস্তান ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাওয়ায় সুবিধা পেয়ে যায় আফগানিস্তান। কারণ ম্যাচ ভেস্তে যাওয়ায় আয়ারল্যান্ডের সরাসরি বিশ্বকাপ খেলার সম্ভাবনা শেষ হয়ে যায়। এক্ষেত্রে প্রয়োজন ছিল একটি জয়। শুক্রবার দ্বিতীয় একদিনের ম্যাচে আয়ারল্যান্ডকে ৯২ রানে হারিয়ে দিয়ে আফগানরা আগামী বছর একদিনের ক্রিকেট বিশ্বকাপে খেলা নিশ্চিত করে নেয়। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার নিয়ম অনুযায়ী আগামী ৩০ সেপ্টেম্বর দুই আয়োজক দেশ দক্ষিণ আফ্রিকা এবং জিম্বাবোয়ে সহ তালিকার ভিত্তিতে দশটি দেশ সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পাবে। বাকি চারটি দল যোগ্যতা অর্জন পর্ব খেলার পর মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করবে। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার তালিকা অনুযায়ী দক্ষিণ আফ্রিকা এবং জিম্বাবোয়ে ছাড়া সাতটি দেশের সরাসরি বিশ্বকাপ খেলা নিশ্চিত হলো। এই সাতটি দেশ হচ্ছে ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, পাকিস্তান, শ্রীলঙ্কা এবং আফগানিস্তান। আগামী বছর একদিনের ক্রিকেট বিশ্বকাপ শুরু হচ্ছে ২২ ফেব্রুয়ারি। ফাইনাল ম্যাচ হবে ২৩ মার্চ। অন্যতম আয়োজক দেশ হলেও নামিবীয়াকে সরাসরি খেলার সুযোগ দেয়নি আইসিসি। তাদেরকেও খেলতে হবে যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে।


