সামনেই নীল জ্যোতি রাখাল শিল্ড নকআউট ফুটবলের আসর। আর এই আসরকে সামনে রেখে ময়দানে নেমেছে প্রায় সব ক্তি দল। এগিয়ে চলো সংঘ ও ব্লাডমাউথ ক্লাব প্রায় দুই সপ্তাহ ধরেই নিবিড় অনুশীলনে রয়েছে। ব্লাড মাঝে প্রস্তুতি আসরেও নিজেদের ঝালাই করে। বাকি দলগুলিও দেরিতে হলেও মাঠে নেমেছে।
বুধবার উমাকান্ত মিনি স্টেডিয়ামে দেখা গেলো সকালের কড়কড়ে রোদে লালবাহাদুর ব্যায়ামাগার ও ফরোয়ার্ড ক্লাব জোর প্রস্তুতি নিচ্ছে। লালবাহাদুরে এবার মণিপুর ও মিজোরামের একঝাঁক ফুটবলার। সাথে স্থানীয় ৮ জন। এবার কোচ হিসেবে রয়েছেন লিটন মজুমদার। সাথে স্থানীয় এলাকার ছেলে খোকন সাহাও সহযোগিতা করছেন। মাত্র চারদিন চলছে প্রস্তুতি।
অপরদিকে, ফরোয়ার্ড ক্লাবের কোচ হিসেবে আজ দায়িত্ব নিয়েছেন নারায়ণ দেবনাথ। ৯ জন মণিপুরী ফুটবলারের সাথে রয়েছে স্থানীয় একঝাঁক ফুটবলার। এর আগে কয়েকদিন ক্লাবের সিনিয়র সদস্য কৃষ্ণকমল বনিক দলটাকে অনুশীলন করান। পরে মাঠে আসে এগিয়ে চলো ও ব্লাড। তারাও প্রচণ্ড রোদে প্রস্তুতি নেয়। রামকৃষ্ণ ক্লাবের চার জন ফুটবলকে নিয়ে কোচ কৌশিক রায় হাল্কা অনুশীলন করান। বাকিরা দু তিন দিনের মধ্যে দলের সাথে যোগ দেবেন বলে জানা গেছে।
অপরদিকে, বৃহস্পতিবার থেকে অনুশীলনে নেমে পড়তে চলেছে কল্যাণ সমিতি। ভিন রাজ্যের ৯ জন ফুটবলার বুধবার যোগ আসছেন। সঙ্গে থাকবে স্থানীয় ৬ জন ফুটবলার। ওই ১৫ জনকে নিয়েই টাউন ক্লাবের বিরুদ্ধে প্রথম ম্যাচে মাঠে নামবে শহরদক্ষিণের ওই ক্লাবটি। ভিন রাজ্যের বাকি ছয় ফুটবলার সম্ভবত আসবেন ১৮ আগস্ট ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনাল ম্যাচ খেলে। এই ৬ ফুটবলার হলেন অমিত কুমার, কিষান, কাফাইবা, গাছুনমাই এবং বিক্রমজিৎ। বুধবার দলের সঙ্গে যোগ দেবেন সনাতন সিং, জ্যাকসন, আরিফ, রাজধানী, কবিরাজ, হেম্বা, সুরঞ্জিত, রোহিত এবং মনীশ। আজ দলের সঙ্গে যোগ দেবেন রাজীব সাধন জমাতিয়া, শিবা দেববর্মা, মঙ্গল সিং জমাতিয়া, বিটু জমাতিয়া, আচাই ফাঁক জমাতিয়া এবং অমিত জমাতিয়া। বৃহস্পতিবার সকালে উমাকান্ত মিনি স্টেডিয়ামে শুরু হবে দলের অনুশীলন। ঐদিন সন্ধ্যা ছয়টায় উমাকান্ত মিনি স্টেডিয়ামের ফ্লাড লাইটে প্রথম প্রস্তুতি ম্যাচ খেলবে কল্যাণ সমিতি। প্রতিপক্ষ এগিয়ে চলো সংঘ। এ খবর জানিয়েছেন দলের ম্যানেজার তন্ময় ধর। কল্যাণের কর্তারা অনেকটা বড় বাজেটের দল গড়ে তুলে দিয়েছেন কোচ আবু তাহেরের হাতে। এখন দেখার গোটা দলকে কতটা এক সুতোয় বাঁধতে পারেন কোচ। ১৮ আগস্ট রাখাল শিল্ড নকআউট ফুটবলে নিজেদের প্রথম ম্যাচে কল্যাণ সমিতি খেলবে অপেক্ষাকৃত দুর্বল টাউন ক্লাবের বিরুদ্ধে।


