আর্জেন্টাইন মডেলের সঙ্গে ১০ বছরের সম্পর্ককে বিয়ের বন্ধনে রূপ দিলেন পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো। অনাড়ম্বর আয়োজনে হলো এই বিয়ে। একজনের হাতের ওপর রাখা আরেকজনের হাত। দুজনের অনামিকায় শোভা পাচ্ছে আংটি। সামাজিক মাধ্যমে এই ছবি পোস্ট করেই জীবনের নতুন অধ্যায়ের ঘোষণা দিলেন রোনালদো নিজেই। আর্জেন্টাইন মডেল জর্জিনা রদ্রিগেসের সঙ্গে ১০ বছরের সম্পর্ক বিয়ের বন্ধনে রূপ নিলো।
দুজনের বিয়ে নিয়ে বেশ কিছুদিন ধরেই গুঞ্জন চলছিল। রোনালদোর শহর মাদেইরায় গত শনিবার বিয়ে হতে পারে বলেও খবর ছড়িয়ে পড়েছিল। শেষ পর্যন্ত বিয়েটা হলো লিসবনের অদূরে ছোট্ট শহর কেসকাইসে।
রোনালদোর ম্যানেজমেন্টের তথ্য অনুযায়ী, সমুদ্র শহরটিতে এক অনাড়ম্বর ও ব্যক্তিগত অনুষ্ঠানে বিয়ের পিঁড়িতে বসেন দুজন। ২০১৬ থেকে একসঙ্গে ছিলেন দুজন। ঠিক এক বছর আগে, গত বছরের ১১ অগাস্ট বাগদানের ঘোষণা দিয়েছিলেন তারা। সামাজিক মাধ্যমে রোনালদোর পোস্ট করা ছবিটির ক্যাপশনে ছিল ‘সি’ ও ‘জি’ দুটি শব্দের মাঝে ভালোবাসার একটি ইমো। ৪১ বছর বয়সী ফুটবল তারকার সঙ্গে ৩২ বছর বয়সী মডেলের বিয়ের ব্যাপারটি পরিষ্কার হয়ে যায় তাতেই। রোনালদোর জীবনের সবকিছু গোটা বিশ্বেরই জানা। জর্জিনার জন্ম আর্জেন্টিনায়। তার বাবা আর্জেন্টাইন, মা স্প্যানিশ। এই পরিবার প্রথমে তার পৈতৃক আত্মীয়দের সঙ্গে থাকত। জর্জিনার বয়স যখন এক বছর, তখন তার মা স্পেনে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন। চার বছর বয়স থেকে জর্জিনা ব্যালে নাচ শিখতেন, কিন্তু পরিবারের আর্থিক সামর্থ্য না থাকায় তা ছেড়ে দেন। ১৮ বছর বয়সে তিনি মাদ্রিদে চলে যান সেখানে নিজের খরচ চালানোর জন্য দিনের বেলা দোকানে এবং সপ্তাহান্তে একটি বারে কাজ করতেন। এক পর্যায়ে তিনি গুচি স্টোরে বিক্রয়কর্মী হিসেবে চাকরি পান। মডেলিংয়ে তার পথচলা শুরু ২০১৫ সাল থেকে। রোনালদোর সঙ্গে পরিচয় পরের বছর। পর্তুগিজ মহাতারকার সঙ্গে সম্পর্কের মাধ্যমেই তিনি মূলত ব্যাপক পরিচিতি ও খ্যাতি অর্জন করেন, যা তাকে বিশ্বজুড়ে কৌতূহলের কেন্দ্রে এনে দেয় এবং ইনস্টাগ্রাম ও অন্যান্য সোশ্যাল মিডিয়া চ্যানেলে বিশাল অনুসারী তৈরি করতে সাহায্য করে। মডেল হিসেবে সাফল্যের পাশাপাশি, জর্জিনা ফ্যাশন জগতেও নানা উদ্যোগ গ্রহণ করেন, নামকরা ব্র্যান্ডগুলোর সাথে কাজ করেন এবং নিজের পোশাকের ব্র্যান্ড চালু করেন। সামাজিক মাধ্যম ব্যক্তিত্ব, মডেল এবং উদ্যোক্তা হিসেবেই তিনি এখন পরিচিত। তাকে নিয়ে নেটফ্লিক্সের ডকুমেন্টারি আছে ‘আই অ্যাম জর্জিনা’, যেখানে তাকে প্রযোজক হিসেবেও উল্লেখ করা হয়।
রোনালদোর বড় সন্তানের নাম ক্রিস্টিয়ানো জুনিয়র। ২০১০ সালে জন্ম নেওয়া ছেলেটির মায়ের নাম প্রকাশ করা হয়নি কখনোই। ২০১৭ সালে সারোগেসির মাধ্যমে জমজ ছেলে ও মেয়ের বাবা হন এই তারকা। জর্জিনা ও রোনালদোর প্রথম সন্তান পৃথিবীর আলোয় আসে ২০১৭ সালের নভেম্বরে। ২০২১ সালে দ্বিতীয়বার গর্ভধারণের ঘোষণা দেন এই দম্পতি। সেবারও জমজ ছেলে ও মেয়ের জন্ম হয়, তবে ছেলেটি মারা যায় প্রসবের সময়ই। জর্জিনা নানা সময়েই বলেছেন, পরিবার ও সন্তানরাই তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।


