১৫ আগস্ট থেকে শুরু হচ্ছে ভারত বনাম শ্রীলংকার প্রথম টেস্ট। আর এই টেস্টে নামার আগে গালের পিচ নিয়ে অনেকটা শঙ্কায় পড়ে গেল ভারতীয় শিবির। বুধবার শুভমান গিলদের অনুশীলন ছিল না। ব্যাটিং কোচ সিতাংশ কোটাক কে নিয়ে স্টেডিয়ামে গিয়েছিলেন প্রধান কোচ গৌতম গম্ভীর। সেখানে দীর্ঘ সময় পিচ দেখলেন তারা। গম্ভীরেরা হোটেলে ফেরার পর পিচের কাজ শুরু করেন মাঠকর্মীরা। শেষ মুহূর্তে পিচের চরিত্র বদলের চেষ্টা করছেন তারা। গম্ভীরদের পরিদর্শনের সময় অনুশীলন করছিল শ্রীলঙ্কা। আয়োজক দেশের অনুশীলন দেখার কোন সুযোগ ছিল না। এই অনুশীলন ছিল সম্পূর্ণ গোপন। দর্শক এবং সংবাদ মাধ্যমের কাছে গোপন রাখা হয়েছিল এই অনুশীলন সম্পর্কে। অল্প সময়ের জন্য ঢুকতে দেওয়া হয়েছিল গম্ভীরদের। তখন পিচ ছিল ঢাকা। ঢাকনা সরিয়ে পিচ দেখেন গম্ভীরেরা। ভারতীয় দলের কোচ মাঠ থেকে বেরিয়ে যাওয়ার পর আবার পিচ ঢেকে দেওয়া হয়। শ্রীলংকার অনুশীলন শেষ হওয়ার পর মাঠকর্মীরা পিচের পরিচর্যার কাজ শুরু করেন। গোটা পিচের উপর বেশ কয়েকবার রোলার চালানো হয়েছে। ঘাস ছাটার জন্য যন্ত্র ও ব্যবহার করা হয়েছে। কাজ শেষ হয়ে যাওয়ার পর কিছুক্ষণ রোদ খাওয়ানো হয়েছে। পিচকে তারপর আবার ঢেকে দেওয়া হয়েছে। পিচের চরিত্র দেখে প্রথম একাদশের সিদ্ধান্ত নেবেন টিম ম্যানেজমেন্ট বিশেষ করে বোলিং আক্রমণ নির্বাচনের ক্ষেত্রে অনেকটা গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে এই পিচ। বৃহস্পতিবার সকাল দশটায় অনুশীলন করবে ভারতীয় ক্রিকেট দল।


