১৫ আগস্ট থেকে শুরু হচ্ছে ভারত বনাম শ্রীলংকার দুই টেস্টের সিরিজ। স্বাভাবিকভাবেই এই সিরিজ নিয়ে ইতিমধ্যেই উন্মাদনা বেড়ে গেল দু’দলের মধ্যে। বৃহস্পতিবার ভারতীয় ক্রিকেট দল এখানে হালকা অনুশীলন সেরে নেয়। শুক্রবার পুরো দমে অনুশীলন করবে দল। বৃহস্পতিবার অনুশীলনের মাঝে ভারতীয় বোলারদের বেশ কিছু মূল্যবান পরামর্শ দিয়েছেন বোলিং কোচ মর্নি মরকেল। বুমরাকে ছাড়া শ্রীলঙ্কায় কঠিন পরীক্ষার মুখোমুখি হতে চলেছে ভারত। পেস আক্রমণ বিভাগের দায়িত্ব থাকবে মহম্মদ সিরাজের উপর। শ্রীলংকার স্পিনারদের বদ্ধ ভূমিতে পেসারদের সাহায্য পাওয়া ও সম্ভব। কারণ এই পিচেই মরকেল তার খেলোয়াড় জীবনে ৭ উইকেট নিয়েছিলেন। বৃহস্পতিবার অনুশীলনের মাঝে ভারতীয় বোলারদের সঙ্গে সেই অভিজ্ঞতা তুলে ধরলেন তিনি। শ্রীলঙ্কায় সবচেয়ে বড় সমস্যা হলো গরম এবং আর্দ্রতা। ভারতের বোলিং কোচ মরকেল বলেন ভারতীয় বোলারদের দক্ষতা রয়েছে। সেই অনুযায়ী পরিকল্পনা থাকবে। প্রথম ২৫-৩০ ওভার পর বল নরম হয়ে গেলে সেটার জন্য তৈরি থাকতে হবে সকলকে। এ ধরনের পরিবেশে পেসারদের সাহায্য পেতে হলে ছোট ছোট স্পেলে বোলিং করতে হবে। কাজে লাগাতে হবে বাউন্সকে। তখন উইকেট নেওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। প্রায় আড়াই মাস টেস্ট ম্যাচ খেলেনি ভারত। এটা ভারতের জন্য একটা চ্যালেঞ্জ হতে পারে।


