৬৫তম সুব্রত মুখার্জি কাপ অনূর্ধ্ব ১৭ বছরের মেয়েদের ফুটবলে ত্রিপুরা স্পোর্টস স্কুলের কাছে বিধ্বস্ত হলো আই পি এস সি। দিল্লির তেজস পার্ক মাঠে অনুষ্ঠিত ম্যাচে স্পোর্টস স্কুল ৭-০ গোলে জয় পায়। মঙ্গলবার সকালের ম্যাচে স্পোর্টস স্কুল এক ডজন গোলে জয় জিততে পারত। হ্যাটট্রিক সহ পাঁচটি গোল করলেও জয়ের নায়িকা জেসিকা জারা কম করে আরও চারটি সুযোগ নষ্ট করেছে। পর্যাপ্ত প্রাধান্য নিয়ে খেলে স্পোর্টস স্কুল। প্রথমার্ধে এগিয়ে যায় ৩-০ গোলে। জেসিকা হ্যাটট্রিক সহ পাঁচটি এবং থামপুই ডার্লং দুটি গোল করে। খেলার শেষে দিল্লি থেকে টেলিফোনে স্পোর্টস স্কুলের কোচ শুভেনজিৎ বলেন, ‘সকালে মাঠে হালকা কুয়াশা পড়ে। ফলে কিছুটা সমস্যা দেখা দিয়েছিল। তার উপর আসরের প্রথম ম্যাচ। তারপরও মেয়েরা যথেষ্ট ভালো খেলার চেষ্টা করেছে। পরের ম্যাচগুলোতে আরও ভালো খেলবে’। বৃহস্পতিবার ত্রিপুরার দ্বিতীয় প্রতিপক্ষ আর্মি পাবলিক স্কুল।


