নক আউটের লড়াইয়ে সেমিফাইনালে মাঠে নামার আগে শক্তি বাড়ালো লাল বাহাদুর ব্যায়ামাগার। মঙ্গলবার সন্ধ্যায় দলের সঙ্গে যোগ দিয়েছেন মিজোরামের তিন ফুটবলার। ২০ আগস্ট রাখাল শিল্ডের প্রথম সেমিফাইনালে এগিয়ে চলো সংঘের বিরুদ্ধে খেলবে লালবাহাদুর। উমাকান্ত মিনি স্টেডিয়ামে সন্ধ্যা ছয়টায় শুরু হবে ম্যাচটি। মঙ্গলবার দলের সঙ্গে যোগ দিলেন আক্রমণ ভাগের ফুটবলার লালম সংগা, মাঝমাঠের ফুটবলার রবেনা এবং রক্ষণভাগের ফুটবলার লালনুন মাউয়ি। শক্তি বাড়ায় কোচ লিটন মজুমদার খুশি। বুধবার সকালে দলের সঙ্গে অনুশীলনের যোগ দেবেন ওই তিনজন। সোমবার দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে টাই ভেঙ্গে লালবাহাদুর হারায় ফরোয়ার্ড ক্লাবকে। শেষমিনিট পর্যন্ত হার না মানা মানসিকতা লাল হলুদ ব্রিগেডকে সেমিফাইনালে তুলতে মুখ্য ভূমিকা নিয়েছে।


