রাজ্য ভিত্তিক সিনিয়র ক্রিকেটের প্লেট গ্রুপের লড়াইয়ে জয় দিয়ে আসর শুরু করলো বিলোনিয়া। দুই উইকেটে হারায় খোয়াইকে। জামজুরি স্কুল মাঠে খোয়াইয়ের গড়া ৯৭ রানের জবাবে বিলোনিয়া ৮ উইকেট হারিয়ে প্রয়োজনীয় রান তুলে নেয়। বিজয়ী দলের তাপস চৌধুরী ৪ উইকেট তুলে নেন। ব্যাট করতে নেমে খোয়াই মাত্র ৯৭ রান করতে সক্ষম হয়। অর্কদ্যুতি দেব ২৩ বল-এ ১টি বাউন্ডারি ও ২টি ওভার বাউন্ডারির সাহায্যে ২২, রাজ দত্ত ১৬ বল-এ একটি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারির সাহায্যে ১৪ এবং সুমন দেববর্মা ২২ বল-এ একটি ওভার বাউন্ডারির সাহায্যে ১০ রান করেন। অতিরিক্ত পায় ১৭ রান। বিলোনিয়ার তাপস চৌধুরী ২৮ রানে ৪টি, শুভঙ্কর দেবনাথ ১৩ রানে এবং তপন ঘোষ ২৬ রানে ২টি করে উইকেট ভাগ করেন। জবাবে বিলোনিয়া ৮ উইকেট হারিয়ে প্রয়োজনীয় রান তুলে নেয়। তন্ময় দাস ৩৭ বল-এ দুটি বাউন্ডারি ও ৭টি ওভার বাউন্ডারির সাহায্যে ৬৫ রানে অপরাজিত থেকে যান। অতিরিক্ত পায় ১১ রান। খোয়াইয়ের অর্কদ্যুতি ৩২ রানে ৫টি এবং নিশিকান্ত দে ৫২ রানে ৩টি উইকেট ভাগ করেন। খোয়াই প্রথম পরাজয়ের স্বাদ পেলো।
প্রথম জয় পেলো সাব্রুম
সিনিয়র ক্রিকেটের রাজ্য আসরের প্লেট গ্রুপে প্রথম জয় পেলো সাব্রুম। ৩৬ রানে হারায় অমরপুরকে। বাইখোরা ইংলিশ মিডিয়াম স্কুল মাঠে শুক্রবার ব্যাট করার সুযোগ পেয়ে সাব্রুম ২০৮ রান করে। বাপ্পি দেবনাথ ৩৬ বল-এ ৬টি বাউন্ডারি ও ৩টি ওভার বাউন্ডারির সাহায্যে ৫২, প্রীতম দাস ৪১ বল-এ ৬টি বাউন্ডারি ও ৩টি ওভার বাউন্ডারির সাহায্যে ৪৫, সম্রাট ত্রিপুরা ২২ বল-এ একটি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারির সাহায্যে ১৯ এবং রূপম চৌধুরী ১৯ বল-এ ৪টি বাউন্ডারির সাহায্যে ১৮ রান করেন। অতিরিক্ত পায় ৩৪ রান। বিলোনিয়ার অনীশ দাস ৬১ রানে ৩টি উইকেট পান। জবাবে অমরপুর ১৭২ রান করতে সক্ষম হয়। রাজেশ সাহা ৩৬ বল-এ ৫টি বাউন্ডারি ও ৫টি ওভার বাউন্ডারির সাহায্যে ৬১, প্রানবীন্দু সাহা ৩৬ বল-এ ৫টি বাউন্ডারির সাহায্যে ২৮, প্রীতম বর্মন ৩৫ বল-এ একটি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারির সাহায্যে ২১ এবং দেবব্রত সাহা ১৭ বল-এ ৩টি বাউন্ডারির সাহায্যে ১৭ রান করেন। সাব্রুমের তুহিন দেব ৩৩ রানে ৪টি এবং নয়নমণি দাস ৩৬ রানে ৩টি উইকেট ভাগ করেন।


