রাজ্যস্তরের সিনিয়র ক্রিকেটের প্লেট গ্রুপে দ্বিতীয় জয় পেলো লংতরাইভ্যালি। ৫৪ রানে হারালো কাঞ্চনপুরকে। এম বি বি স্টেডিয়ামে এম্যাচে বিজয়ী দলের অভিজিৎ দাস ব্যাট ও বল হাতে দাপট দেখিয়েছেন। টসে জিতে লংতরাইভ্যালি ১৭৯ রান করে। সুদর্শন দাস ৫১, অভিজিৎ দাস ৩৫, অর্ঘদীপ চৌধুরী ১৭ এবং সুরজ গুরুং ১৬ রান করেন। অতিরিক্ত পায় ৩১ রান। কাঞ্চনপুরের কৃষাণ দেব ৪টি উইকেট পান। জবাবে কাঞ্চনপুর ১২৫ রান করতে সক্ষম হয়। অনুকূল নাথ ৩২, কৃষাণ দেব ১৪ এবং ভিকি কর ১৪ রান করেন। লংতরাইভ্যালির দীপাঞ্জন দাস ১৯ রানে এবং অভিজিৎ দাস ২৪ রানে ৩টি করে উইকেট ভাগ করেন।
লো স্কোরিং ম্যাচে জিতলো অমরপুর
লো স্কোরিং ম্যাচে জয় পেলো অমরপুর। হারালো বিলোনিয়াকে। আসরে চার ম্যাচ খেলে দুটিতে জিতে আপাতত: গ্রুপের শীর্ষে রয়েছে। রাজ্যস্তরের সিনিয়র ক্রিকেটে প্লেট গ্রুপের লড়াইয়ে বৃষ্টিতে মাঠ ভেজা থাকার খেলা শুরু হতে দেরি হয়। ফলে ওভার কমিয়ে আনা হয় ১৯-এ। সকালে প্রথমে ব্যাট করার সুযোগ পেয়ে অমরপুর ৮৯ রান করে। রতন জমাতিয়া ২৮, দেবত্তোম ঘোষ ২৩, রাহুল দাস ১৩ এবং আবীর কর্মকার ১৩ করেন। বিলোনিয়ার তাপস চৌধুরী ১৪ রানে তিনটি উইকেট পান। জবাবে বিলোনিয়া মাত্র ৫০ রান করতে সক্ষম হয়। প্রীতম দাস ১৫ এবং রাজ মজুমদার ১১ রান করেন। অমরপুরের গোপাল দাসগুপ্ত চার রানে তিন উইকেট পান।
জোর হোঁচট খেলো কমলপুর
জোর হোঁচট খেলো কমলপুর। পারল না জয়ের হ্যাটট্রিক করতে। ভিজেডি মেথডে হেরে গেলো গন্ডাছড়ার কাছে ৪ উইকেটে। রাজ্যস্তরের সিনিয়র ক্রিকেটের প্লেট গ্রুপে মঙ্গলবার বাইখড়া ইংলিশ মিডিয়াম স্কুল মাঠ ভিজে থাকায় খেলা শুরু হতে দেরি হয়। ফলে ওভার কমিয়ে আনা হয় ২৬-এ। ব্যাট করার সুযোগ পেয়ে কমলপুর ১১০ রান করে। সায়ন্দীপ সূত্রধর ২৫, অনিরুদ্ধ দাস ২৫ এবং তন্ময় দেব ১৯ রান করেন। গন্ডাছড়ার প্রলয় দাস ১৭ রানে এবং ঝুটন দাস ১৮ রানে ৩টি করে উইকেট ভাগ করেন। ফের বৃষ্টি শুরু হলে গন্ডাছড়ার সামনে লক্ষ্যমাত্রা দাঁড়ায় ১৫ ওভারে ৬৫ রান। ওই রান তারা করতে নেমে গন্ডাছড়া মহকুমা ১৩.৩ ওভারে ৬ উইকেট ছাড়িয়ে জয় তুলে নেয়। প্রিয়লাল ত্রিপুরা ২৫ এবং ঝুটন দাস ১৫ রান করেন।


