উমাকান্ত মিনি স্টেডিয়ামে মহিলা ফুটবলারদের জন্য ড্রেসিং রুম নির্মাণে ২৮ লক্ষ টাকা বরাদ্দ করলেন সাংসদ রাজীব ভট্টাচার্য। ত্রিপুরা ফুটবল এসোসিয়েশনের আহ্বানে সারা দিয়ে ক্রীড়া পরিকাঠামোর সার্বিক উন্নয়নে তিনি এই পদক্ষেপ গ্রহণ করেন। সাংসদ এলাকা উন্নয়ন তহবিলের থেকে এই প্রকল্পের জন্য ২৮ লক্ষ টাকার মঞ্জুরি দেয়া হলো। ইতিমধ্যেই প্রকল্পের প্রশাসনিক, আর্থিক ও কারিগরি অনুমোদনের জন্য পশ্চিম ত্রিপুরা জেলার জেলা শাসক ও সংগ্রাহকের (নোডাল জেলা কর্তৃপক্ষ) কাছে প্রয়োজনীয় সুপারিশপত্র পাঠানো হয়েছে। সাংসদ রাজীব ভট্টাচার্যের এই উদ্যোগকে আন্তরিক সাধুবাদ জানিয়েছে ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন। এই ড্রেসিং রুম নির্মিত হলে রাজ্যের মহিলা ফুটবলারদের দীর্ঘদিনের সমস্যা দূর হবে এবং তাঁরা আরও উন্নত ও পেশাদার পরিবেশে অনুশীলনের সুযোগ পাবেন। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সাংসদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করা হয়েছে। ক্রীড়াপ্রেমীদের আশা, খুব দ্রুত প্রশাসনিক প্রক্রিয়াকরণ শেষ করে এই নির্মাণ কাজ সম্পূর্ণ করা হবে, যা ত্রিপুরায় মহিলা ফুটবলের সামগ্রিক অগ্রগতিতে বিশেষ ভূমিকা পালন করবে। ত্রিপুরা ফুটবল এসোসিয়েশনের বর্তমান কমিটির সময়কালে এটি একটি বড় সাফল্য।
মহিলা ফুটবলারদের ড্রেসিং রুম নির্মাণে ২৮ লক্ষ টাকা বরাদ্দ সাংসদের
Date:
Share post:


