জয় দিয়ে আসর শুরু করলো খোয়াই। মেয়েদের রাজ্যস্তরের সিনিয়র ক্রিকেটে অনেকটা অনায়াসেই হারালো কমলপুরকে। বিদ্যাপীঠ মিনি স্টেডিয়ামে খোয়াই ৯ উইকেটে হারায় কমলপুর। বৃষ্টির জন্য মাঠে জল জমে থাকায় এদিন নির্ধারিত সময়ের পর খেলা শুরু হয়। ফলে ওভার কমিয়ে আনা হয় ২০-তে। ব্যাট করার সুযোগ পেয়ে কমলপুর মাত্র ৪৩ রান করতে সক্ষম হয়। ৩০ রান পায় অতিরিক্ত। খোয়াই-এর প্রীয়া সূত্রধর ৬ রানে ৩টি, অদিতী দাস ৩ রানে, দীপা নম: ৫ রানে এবং অমৃতা দাস ৯ রানে ২টি করে উইকেট ভাগ করেন। জবাবে খোয়াই ৯.৪ ওভারে ১ উইকেট হারিয়ে জয় তুলে নেয়। অনামিকা দাস ২৫ বল-এ ১টি ওভার বাউন্ডারির সাহায্যে ২১ রানে অপরাজিত থেকে যান।


