লিড নিয়েও চাপে রইলো সংহতি ক্লাব। দ্বিতীয় ইনিংসে ব্যর্থতায় সরাসরি হারের সম্ভাবনা উড়িয়ে দিতে পারছে না। অপরদিকে দুরন্ত লড়াই করে ঘুরে দাঁড়ালো স্ফুলিঙ্গ ক্লাব। দ্বিতীয় দিনের শেষে জয়ের স্বপ্ন দেখতে শুরু করেছে তারা। শেষ দিনে দরকার মাত্র ৯৭ রানের। হাতে রয়েছে পুরো ১০ উইকেট। তবে টি আই টি মাঠে বল যেভাবে ঘুরছে তাতে শেষ দিনে ব্যাট করা কষ্ট হতে পারে বলে অনুমান।
সংহতিকে ১৭০ রানে আটকে দিয়ে স্ফুলিঙ্গ ক্লাব তেমন একটা সুবিধা করতে পারেনি। ব্যাটসম্যানরা দায়িত্ব নিয়ে খেলতে না পারায় তাদের প্রথম ইনিংস গুটিয়ে যায় মাত্র ১২৯ রানে। দেবাংশু দত্ত ১০৩ বল-এ ৩টি বাউন্ডারির সাহায্যে ৪৫, শুভম ঘোষ ২৩ বল-এ ৫টি বাউন্ডারির সাহায্যে ২৬, কৌশল আচার্য ২৪ বল-এ ৩টি বাউন্ডারির সাহায্যে ২০ রান করেন। সংহতির অনিরুদ্ধ দাস ২৬ রানে ৪টি এবং রোহিত ভৌমিক ১৩ রানে ৩টি উইকেট ভাগ করেন। ৪১ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে তুষার সাহা এবং সন্দীপ সরকারের ভেল্কিতে চাপে পড়ে যায় সংহতি। ক্রমাগত উইকেট হারাতে থাকে। শেষ পর্যন্ত ৬৪ রানে গুটিয়ে যায় দ্বিতীয় ইনিংস! তন্ময় ঘোষ ৪৯ বল-এ ১টি বাউন্ডারির সাহায্যে ১৯ রান করেন। দলের আর কোনো ব্যাটসম্যান রুখে দাঁড়াতে পারেননি। স্ফুলিঙ্গের বর্ষীয়ান স্পিনার তুষার সাহা ২৬ রানে ৫টি এবং সন্দীপ সরকার ১২ রানে ৪টি উইকেট ভাগ করেন। ১০৬ রানের লক্ষ্য মাত্রা নিয়ে খেলতে নেমে দ্বিতীয় দিনের শেষে কোনও উইকেট না হারিয়ে স্ফুলিঙ্গ ক্লাব ৯ রান করে।


