ভারত সেরা হয়ে শনিবার বিকেলে রাজ্যে ফিরলো সোনার মেয়ে আরাধ্যা দাস। রাজ্যে ফিরে বিমানবন্দরে উষ্ণ সংবর্ধনা পেল। রাজ্য দাবা সংস্থা কয়েকজন কর্মকর্তা ছিলেন। পশ্চিম জেলা দাবা সংস্থার কার্যকরী সভাপতি অনুপম ভট্টাচার্য, রাজ্য দাবা সংস্থার কোষাধ্যক্ষ ইন্দ্রজিৎ বিশ্বাস এবং সুবীর দেব উপস্থিত ছিলেন। পুদুচেরিতে অনুষ্ঠিত জাতীয় অনূর্ধ্ব ১৩ বছরের আসরে এগারো রাউন্ডে সাড়ে ৯ পয়েন্ট পেয়ে রাজ্যের তৃতীয় দাবাড়ু হিসেবে ভারত সেরা সম্মান অর্জন করেছে আরাধ্যা। ভারত সেরা হওয়ার সুবাদে বিশ্ব আসর, কমনওয়েলথ আসর এবং এশিয়ান আসরে খেলার যোগ্যতা অর্জন করে নিয়েছে আরাধ্যা। এখন আরাধ্যার স্বপ্ন ওই তিনটি আসরে দেশের পাশাপাশি ত্রিপুরার নাম উজ্জ্বল করা।


