একপ্রস্থ নাটক করে মাঠে এলো না রামকৃষ্ণ ক্লাব! প্রয়াত মন্ত্রী তথা জননেতা সুরজিৎ দত্তের হাতে গড়া ক্লাবটির বর্তমান কর্মকর্তারা মাঝপথে ফুটবল দল তুলে নিল! না খেলে ওয়াক ওভার দিলো! ক্লাবের এই কাণ্ডে বিভাজন রয়েছে বলে সূত্রের খবর।চরম আর্থিক সংকটের সময়ও রামকৃষ্ণ ক্লাব ফুটবল দল মাঠে নামিয়ে খেলে গেছে। কোন সময় কোন আমলেই তারা মাঠ ছেড়ে যায় নি। এবার মাঝপথে দল মাঠে না এনে ওয়াকওভার দিলো এগিয়ে চলো সংঘকে। এই ঘটনায় ময়দানে রামকৃষ্ণ ক্লাবের ঐতিহ্যে জোর ধাক্কা এলো বলে মনে করেন ফুটবল প্রেমীরা।
মঙ্গলবার তারা মাঠে না আসায় রেফারিরা কিছুটা সময় অপেক্ষা করেন। এগিয়ে চলো তাদের দল নিয়ে এসেছিল। ফলে ওয়াক ওভার হলো। তিন পয়েন্ট ও দুই গোল লিগ রুলস মেনে পাবে এগিয়ে চলো।
পাঁচ ম্যাচ থেকে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপের শেষের স্থানে ছিল রামকৃষ্ণ। ফুটবলারদের আঘাত সমস্যার কথা উল্লেখ করে চিঠি দিয়ে খেলা পিছিয়ে দেওয়ার আবেদন করেছিল রামকৃষ্ণ ক্লাব। কিন্তু লিগ কমিটি তাতে সায় দেয়নি। ফলে ওয়াক ওভার দিলো। হয়তো এবার বাকি ম্যাচগুলো আর খেলছে না রামকৃষ্ণ। যদিও সেরকম কোন চিঠি দেয় নি। এবছর মরশুম শুরু হওয়ার আগেই আসর থেকে নাম তুলে নিয়েছিল ঐকতান যুব সংস্থা। ফলে অবনমনহীন হয়ে যায় এবছর আসর। ওই সুযোগের ফায়দা তুলেই প্রথমে জুয়েলস এসোসিয়েশন এক ম্যাচ খেলে দল তুলে নেয়! এখন রামকৃষ্ণ ক্লাব সেই পথেই হাঁটছে! এতে আসরের আকর্ষণ আরো কমে গেল। এদিকে, ফুটবল সংস্থায় ক্লাবের প্রতিনিধি অমিত দেব বলেন, “আমাদের বেশ কয়েকজন প্লেয়ার চোট আঘাত জনিত সমস্যায় ভুগছে। তার জন্য আমরা সময় চেয়েছিলাম রাজ্য ফুটবল সংস্থার কাছে। কিন্তু আমাদের সময় দেওয়া হয়নি। তাই বাধ্য হয়ে দল নামানো যায় না”। ফুটবলারদের অত্যাধিক খেপ খেলার খেসারত দিতে হচ্ছে রামকৃষ্ণ ক্লাবকেও। এনিয়েও ক্লাব বিশাল সমস্যায় রয়েছে।


