ঠিক যেন আগের ম্যাচের পুনরাবৃত্তি, আবারও দ্বিতীয় মিনিটে গোল করলেন লামিন ইয়ামাল। পরে তিনি জালের দেখা পেলেন আরও একবার, মাঝে দলের আরেকটি গোলেও রাখলেন অবদান। ১৯ বছর বয়সী তারকার আলো ঝলমলে রাতে ক্রোয়েশিয়াকে উড়িয়ে দিল স্পেন। সেভিয়ায় উয়েফা নেশন্স লিগের ম্যাচে ৪-১ গোলে জিতেছে লুইস দে লা ফুয়েন্তের দল। ইয়ামাল বিশ্ব চ্যাম্পিয়নদের এগিয়ে নেওয়ার পর, সমতা টানেন দিওন বেলিয়ো। একটু পরই স্বাগতিকদের আবার লিড এনে দেন মার্ক পুবিল। বিরতির পর নিজের দ্বিতীয় গোল করেন ইয়ামাল। বদলি নেমে শেষ দিকে দলের চতুর্থ গোলটি করেন নিকো উইলিয়ামস। আন্তর্জাতিক ফুটবলে টানা অপরাজেয় রেকর্ড যাত্রা ৪০ ম্যাচে নিয়ে গেল স্পেন (৩১ জয় ও ৯ ড্র)। এর সবশেষ ৯টিতেই জিতল তারা। ‘এ’ লিগের তিন নম্বর গ্রুপে দুই ম্যাচে শতভাগ সাফল্যে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে স্পেন। একই সময়ে গ্রুপের অন্য ম্যাচে চেকিয়াকে ২-০ গোলে হারিয়েছে ইংল্যান্ড; ৩ পয়েন্ট নিয়ে দুই নম্বরে উঠেছে তারা। সমান পয়েন্ট নিয়ে তিনে ক্রোয়েশিয়া। চেকিয়া এখনও পয়েন্ট পায়নি।
ম্যাচে প্রায় ৬৪ শতাংশ পজেশন রেখে গোলের জন্য ১৬ শট নিয়ে সাতটি লক্ষ্যে রাখতে পারে স্পেন। ক্রোয়েশিয়ার পাঁচ শটের দুটি লক্ষ্যে ছিল। নিজেদের পরের ম্যাচে আগামী শনিবার ঘরের মাঠেই চেকিয়ার মুখোমুখি হবে স্পেন। একই দিন ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে খেলবে ক্রোয়েশিয়া।


