মাঠের লড়াইয়ে লিওনেল মেসিকে একবিন্দু ছাড় দেননি কেপ ভার্দের কেউ। যার সামনেই সুযোগ এসেছে তিনিই চড়াও হয়েছেন। তবে ম্যাচ শেষে সে সব মনে রাখেননি আর্জেন্টিনা অধিনায়ক, হাসি মুখে মিটিয়েছেন সবার অনুরোধ। ম্যাচ শেষে মিক্সড জোনে মেসির জন্য অপেক্ষা করছিলেন কেপ ভার্দে ফুটবলাররা। আর্জেন্টাইন মহা তারকা নিরাশ করেননি তাদের। পরে একটু মজাও করেন তিনি। “ওরা আমার জার্সি চাইছিল, সবকিছুই… আর মাঠে ওরা সবাই আমার উপর চড়াও হয়েছিল।” ম্যাচে দুইবার সমতা ফেরানো কেপ ভার্দের প্রশংসা করেন মেসি। “ওরা যে স্পেন ও উরুগুয়ের বিপক্ষে হারেনি, সেটা তো বিনা কারণে নয়। আমরা কঠিন কাজটা করেছিলাম, প্রথম গোলটা করেছিলাম। এরপর ভেবেছিলাম ছন্দ পাব কিন্তু হয় এর উল্টো। আমরা বল হারাই, আমরা রক্ষণাত্মক হয়ে পড়ি এবং সে সময় ওদের ঠিকঠাক চেপে ধরতে পারিনি।”


