খোয়াইয়ে সিনিয়র ক্লাব লিগ ক্রিকেটে মহকুমা সেরা হলো এভারগ্রীন ক্লাব। প্রসেনজিৎ রুদ্র পালের দায়িত্বশীল ব্যাটিং এবং রৌশন দাসের দুরন্ত বোলিংয়ে আসে খেতাব। মঙ্গলবার এয়ারপোর্ট মাঠে ফাইনাল ম্যাচে এভারগ্রীন ক্লাব ৪ উইকেটে হারায় নিউ স্টার ওয়েলফেয়ার সোসাইটিকে। ব্যাট করার সুযোগ পেয়ে নিউ স্টার ওয়েলফেয়ার সোসাইটি ১৪৬ রান করতে সক্ষম হয়। সম্রাট নম: দাস ৪২ বল-এ ছয়টি বাউন্ডারি ও তিনটি ওভার বাউন্ডারির সাহায্যে ৪৯, অভিরাজ বিশ্বাস ২৫ বল-এ পাঁচটি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারির সাহায্যে ২৬, অনুকূল চন্দ্র দেব ২৩ বল-এ চারটি বাউন্ডারির সাহায্যে ২৪, শুভজিৎ সুজিত পাল ৬২ বল-এ দুটি বাউন্ডারি সাহায্যে ২৩ রান করেন। এভারগ্রীন ক্লাবের রৌশন দাস ৪০ রানে চারটি, অর্কধুতি দেব ১৫ রানে ৩টি এবং অচিন্ত রায় ১৭ রানে দুটি উইকেট ভাগ করেন। জবাবে এভারগ্রীন ক্লাব ২৭.৩ ওভারে চার উইকেট হারিয়ে জয় তুলে নেয়। প্রাথমিক ব্যর্থতার পর দলকে মহকুমা সেরা করাতে মুখ্য ভূমিকা নিয়েছেন প্রসেনজিৎ রুদ্রপাল এবং সপ্তর্ষি আদিত্য। ৫১ রানে ৪ উইকেট হারানোর পর প্রসেনজিৎ এবং সপ্তর্ষি দুরন্ত ব্যাট করে দলকে জয় এনে দেন। প্রসেনজিৎ ৫৫ বল-এ চারটি বাউন্ডারি ও পাঁচটি ওভার বাউন্ডারির সাহায্যে ৫৮ রানে এবং সপ্তর্ষি ৪৬ বল-এ ছয়টি বাউন্ডারির সাহায্যে ৪০ রানে অপরাজিত থেকে যান। এছাড়া প্রশান্ত দাস ২০ বল-এ একটি বাউন্ডারি ও তিনটি ওভার বাউন্ডারির সাহায্যে ২৮ রান করেন। নিউ স্টার ওয়েলফেয়ার সোসাইটির রাজ দত্ত ৩৫ রানে ৩টি উইকেট পান।


