দু’দিন আগেই ভারতের মহিলা দলের নতুন অধিনায়ক হিসাবে ঘোষিত হয়েছে স্মৃতি মন্ধানার নাম। সরে গেলেন হরমনপ্রীত কৌর। স্মৃতির নেতৃত্বে প্রথম বার ভারতের মহিলা দল নামছে ১৬ অক্টোবর, জ়িম্বাবোয়ের বিরুদ্ধে টি-২০’র সিরিজে। শুক্রবারই ঘোষণা করা হয়েছে। ভারত- জ়িম্বাবোয়ে সিরিজ়ের সূচি । আগামী ১৬ থেকে ২০ অক্টোবরের মধ্যে তিনটি ম্যাচ খেলবে ভারতের মহিলা দল। সব ম্যাচই হবে রায়পুরে। ছত্তিশগড় ক্রিকেট সংস্থার সচিব বিজয় শাহ জানিয়েছেন, টিকিটের দাম শুরু হবে ২৫০ টাকা থেকে। সবকটি ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৭টা থেকে। আগামী ১২ অক্টোবর থেকে টিকিট বিক্রি শুরু হবে। এক জন দর্শক সর্বোচ্চ ছ’টি টিকিট কাটতে পারেন। তিনটি ম্যাচই দেখতে চাইলে ৪৯৯ টাকা দিতে হবে। দু’টি ম্যাচ দেখতে চাইলে ৩৫০ টাকা লাগবে। আলাদা করে টিকিটও বিক্রি হবে। প্ল্যাটিনাম, সোনা, রুপো বিভাগের টিকিটের দাম যথাক্রমে ৩৫০০, ২৫০০ এবং ২০০০ টাকা করে। কর্পোরেট বক্সের টিকিটের দাম ৩৫০০।একটি সাংবাদিক বৈঠকে শাহ জানিয়েছেন, স্টেডিয়ামে ভুগর্ভস্থ জল ব্যবহারের বিষয়ে জাতীয় গ্রিন ট্রাইবুনালের অনুমতি পাওয়া গেছে । স্টেডিয়ামে একটি জলশোধন প্ল্যান্টও বসানো হয়েছে। কত জল খরচ হল তার হিসাব রাখা যাবে। ১১ অক্টোবর ভারতীয় দল রায়পুরে যাবে। পরের দিন পৌঁছবে জ়িম্বাবোয়ে।


