জোর ধাক্কা খেলো অনূর্ধ্ব ১৯ ত্রিপুরার মেয়েরা। দ্বিতীয় ম্যাচে ৭৪ রানে হারলো মনিপুরের কাছে। ব্যাট হাতে চূড়ান্ত ব্যর্থতায় এই হার। শেষ সময়ে দল গড়ার ফলে অনুশীলন করতে পারেননি মেয়েরা। এর জন্য নিজেদের ঠিকভাবে প্রস্তুতি নিতে পারে নি। অনূর্ধ্ব ১৯ মেয়েদের টি-২০ ক্রিকেটে গুয়াহাটি’র এসসিএ ক্রিকেট একাডেমি মাঠে মনিপুরের ১৪১ রানের জবাবে রাজ্যদল মাত্র ৬৭ রান করতে সক্ষম হয়। যা লজ্জায় ফেলেছে ত্রিপুরাকে!
টসে জিতে মনিপুর নির্ধারিত ২০ ওভারে তিন উইকেট হারিয়ে ১৪১ রান করে। ত্রিপুরার নির্বিশ বোলিংয়ের সামনে শুরু থেকে স্কোর বোর্ড সচল রাখার দিকে নজর দেন মনিপুরের ক্রিকেটাররা। দলকে লড়াই করার জায়গায় নিয়ে যেতে মুখ্য ভূমিকা নিয়েছেন তানিয়া নাইটৌজাম। ঝড়ো গতিতে ব্যাট করেন তানিয়া। মাত্র ৩৬ বল-এ নয়টি বাউন্ডারির সাহায্যে ৫৬ রানে অপরাজিত থেকে যান। এছাড়া ক্রিটি মৈরেংথেম ২৯ বল-এ চারটি বাউন্ডারির সাহায্যে ৩০, সুমাইয়া ২৯ বল-এ ২টি বাউন্ডারির সাহায্যে ২১ এবং কিবরিয়া ২৫ বল-এ ৩টি বাউন্ডারির সাহায্যে ২০ রান করে। ত্রিপুরার তানিয়া ছেত্রী ১৮ রানে দুটি উইকেট পায়। জবাবে মণিপুরের বোলারদের আক্রমণের মুখে ত্রিপুরার ইনিংস গুটিয়ে যায় মাত্র ৬৭ রানে! সায়ন্তিকা নম: দাস কিছুটা প্রতিরোধ গড়ে তোলে। ৩০ বল-এ একটি বাউন্ডারির সাহায্যে ২৫ রান করেন। আর একজনও রুখে দাঁড়াতে পারেননি। মনিপুরের ননীবালা ১৩ রানে তিনটি এবং থকচম পুনি দেবী ৯ রানে ২টি করে উইকেট ভাগ করেন। ১২ অক্টোবর পরের ম্যাচে ত্রিপুরার প্রতিপক্ষ সিকিম।


