আবারও হার! এবার সিকিমের কাছে! অবশ্য এমনটা না হওয়ার কোন কারণ নেই। এটাই প্রত্যাশিত ছিল। জাতীয় আসরের আগে দল গঠন নিয়ে রাজ্য ক্রিকেট সংস্থা যে ধরনের গাফিলতি এবার করেছে এরই ফল পাচ্ছে।
মণিপুরের পর সিকিমের বিরুদ্ধেও অনূর্ধ্ব ১৯ মেয়েরা টি-২০ ক্রিকেটে হারলো। পর পর দুই ম্যাচে হেরে অনেকটাই পিছিয়ে পড়ল। এলিট উঠার আশা ফিকে হয়ে গেলো।
মরশুম শুরুর আগে প্রস্তুতি শিবির না করে জোড়াতালি দিয়ে দলগঠন করলে কি পরিনিতি হয় সেটাই স্পষ্ট হয়ে গেলো। আর এই ব্যর্থতার দায় পুরোটাই রাজ্য ক্রিকেট সংস্থার কর্তাদের। মরশুমের শুরুতেই এই ভরাডুবি নিয়ে এবার ভুগতে হবে।
গুয়াহাটির এসিএ ক্রিকেট মাঠে সিকিমের ১১৫ রানের জবাবে ত্রিপুরা ১১৩ রান করতে সক্ষম হয়। শুরুতে ত্রিপুরায় ব্যাটসম্যানদের দাপট দেখালেও শেষ পর্যন্ত সেই দাপট ধরে রাখতে পারেনি। টসে জিতে সিকিম নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১১৫ রান করে। রচনা পান্ডে ৫১ বল-এ ৬টি বাউন্ডারির সাহায্যে ৪৯, নামৃতা রাই ৪৫ বল-এ ২টি বাউন্ডারির সাহায্যে ২৯ এবং খুশি কুলকেই ১৩ বল-এ ১টি বাউন্ডারির সাহায্যে ১৮ রান করে। রাজ্যের সুস্মিতা তেলী ২০ রানে ২টি উইকেট পায়। জবাবে শুরুটা ভালো হলেও মিডল অর্ডারের ব্যাটসম্যানরা ধীর গতিতে ব্যাট করে দলকে চাপে ফেলে দেয়। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ত্রিপুরা ৫ উইকেট হারিয়ে ১১৩ রান করতে সক্ষম হয়। অস্মিতা দেবনাথ ৪৮ বল-এ ৪টি বাউন্ডারির সাহায্যে ৩৮, অনুষ্কা শীল ৪৪ বল-এ ৪টি বাউন্ডারির সাহায্যে ৪০ এবং এঞ্জেল পাল ১৪ বল-এ ৩টি বাউন্ডারির সাহায্যে ১৩ রান করে। অতিরিক্ত পায় ১২ রান। আসরে ৩ ম্যাচ খেলে ২টি ম্যাচে হারালো ত্রিপুরা। ১৪ অক্টোবর গ্রুপের শেষ ম্যাচে খেলবে নাগাল্যান্ড-এর বিরুদ্ধে। মেয়েদের পারফরমেন্সে হতাশ কোচ দেবব্রত চৌধুরী।


