প্রতি বছরের ধারাবাহিকতা বজায় রেখে এবারও দুর্গোৎসবের প্রাক্কালে সামাজিক দায়বদ্ধতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করল জার্নালিস্ট রিক্রিয়েশন ক্লাব (জেআরসি)। উৎসবের আনন্দ সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে নীলজ্যোতি অনাথ আশ্রমের আবাসিক ও খুদে সদস্যদের পাশে দাঁড়ালেন ক্লাব কর্তৃপক্ষ। শুক্রবার দুপুরে ক্লাবের পক্ষ থেকে সাধ্যমতো খাদ্যসামগ্রী, নতুন বস্ত্র এবং খেলাধুলার সরঞ্জাম অনাথ আশ্রমের বাচ্চাদের হাতে তুলে দেওয়া হয়। পূজার আনন্দ শুরুর আগেই নতুন পোশাক ও পুষ্টিকর খাবার পেয়ে আনন্দে মেতে ওঠে অনাথ আশ্রমের নিষ্পাপ শিশুরা। জেআরসি-র সম্পাদক অভিষেক দে-র নেতৃত্বে ক্লাব সদস্যরা আজ দুপুরে নীলজ্যোতি অনাথ আশ্রমে গিয়ে এই মানবিক উদ্যোগটি বাস্তবায়ন করেন। এ বিষয়ে অভিষেক দে জানান, উৎসবের দিনগুলিতে এই অনাথ শিশুদের মুখে হাসি ফোটানোই মূল উদ্দেশ্য। একই সঙ্গে ক্লাবের পক্ষ থেকে আশ্রম কর্তৃপক্ষের ভূয়সী প্রশংসা করা হয়। অত্যন্ত যত্ন ও নিষ্ঠার সঙ্গে ২৪ ঘণ্টা এই বাচ্চাদের রক্ষণাবেক্ষণ ও আগলে রাখার দায়িত্ব পালন করার জন্য জেআরসি-র পক্ষ থেকে আশ্রমের সমস্ত কর্মকর্তাদের প্রতি বিশেষ ধন্যবাদ ও আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়।


