ভারতকে ২৭-০ গোলে হারাল বেনিন! এক ম্যাচেই ২৭ গোল হজম করেছে ভারত! চীনে অনূর্ধ্ব-১৮ স্কুল বিশ্বকাপে ভারতকে রীতিমতো উড়িয়ে দিয়েছে বেনিন। সুজৌতে অনুষ্ঠিত ম্যাচে ২৭-০ গোলে জয় পায় আফ্রিকার দেশটির যুবারা।
৮০ মিনিটের ম্যাচে বেনিনের আক্রমণের সামনে দাঁড়াতেই পারেনি ভারতীয় দল। জন ইথান হুন্তিনমে, ফ্রাঁসোয়া আদিসা ও ওসভালদো সেমেভো লোকো চারটি করে গোল করেছেন। ইজুদিন বুকারির নামের পাশে আছে হ্যাটট্রিক। এছাড়া ভারতের খেলোয়াড়দের দুটি আত্মঘাতী গোলও ব্যবধান বাড়িয়েছে।
টুর্নামেন্টে দুর্দান্ত ছন্দে আছে বেনিন। নিজেদের প্রথম ম্যাচে কাতারকে ৭-০ গোলে হারিয়েছিল দলটি। ভারতকে বড় ব্যবধানে হারিয়ে দুই ম্যাচে তাদের মোট গোলসংখ্যা এখন ৩৪, বিপরীতে কোনো গোল হজম করেনি তারা। টানা দুই জয়ে ‘বি’ গ্রুপ থেকে শেষ ষোলোও নিশ্চিত করেছে বেনিন।


