চোটের কারনে নিউজিল্যান্ডের বিরুদ্ধে শনিবার দ্বিতীয় টি-২০’র লড়াইয়ে খেলতে পারবেন না ঈশান কিষান। যা ভারতীয় শিবিরের জন্য একটা জোর ধাক্কা। স্বাভাবিকভাবেই ভারতীয় ক্রিকেট দলের প্রথম একাদশ পরিবর্তন করতে হবে শ্রেয়াস আয়ারদের। বৈভব সূর্যবংশী নাকি শিবম দুবে, আলোচনায় রয়েছেন দু’জন। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে ম্যাচের দিন সকালে। প্রথম টি-২০ এর লড়াইয়ে সঞ্জু স্যামসন এবং অভিষেক শর্মার ওপেনিং জুটি ৯৩ রান যোগ করেছিল। যার কারণে ভারতীয় টিম ম্যানেজমেন্ট ওপেনিং জুটি নিয়ে টানা হ্যাচড়া করতে চাইছে না। বৈভব সূর্যবংশী ওপেনিং এ দুর্ধর্ষ ব্যাটিং পারফরম্যান্স উপহার দিয়ে থাকেন। স্বাভাবিকভাবেই ওপেনিং শ্লটে বৈভব সূর্যবংশীকে না পাঠিয়ে তিন নম্বরে ব্যাট করতে পাঠালে বৈভব কতটা সাফল্য পাবে, সেটা নিয়ে প্রশ্ন চিহ্ন থেকে যাচ্ছে। প্রথম ম্যাচে ভারতীয় দলের বোলিং আক্রমণ বিভাগ খানিকটা উদ্বেগ তৈরি করেছে। সেক্ষেত্রে শিবম দুবে খেললে দলনেতা শ্রেয়াসের হাতে বোলিং আক্রমণের বিকল্প বাড়বে। পাশাপাশি আন্তর্জাতিক ক্রিকেটে শিবম দুবের খেলার অভিজ্ঞতা যথেষ্ট। কিন্তু তাকে ঈশানের জায়গায় তিন নম্বরে ব্যাট করানো কঠিন। অলরাউন্ডার শিবম ফিনিশার হিসেবে দক্ষ। ভালো ফিল্ডিং ও করতে পারেন। প্রথম ম্যাচের মতোই তিলক ভার্মাকে তিন নম্বরে নামানো হতে পারে। কারণ ভারতীয় ক্রিকেট দলের বোলিং কোচ শিতাংশু কোটাক দ্বিতীয় টি-২০ এর লড়াইয়ে ব্যাটিং অর্ডারে পরিবর্তনের ইঙ্গিত দিয়ে রেখেছেন। এশিয়ান গেমসের ফাইনালের পর কোনো ম্যাচে খেলেননি বৈভব। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পাঁচ ম্যাচের সিরিজেও তিনি প্রথম একাদশে ছিলেন না। খেলেননি নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচেও। যার কারণে দ্বিতীয় টি-২০ এর লড়াইয়ে তাকে কতটা খেলানো হতে পারে, সেটা নিয়ে সংশয় রয়েছে।


