একের পর এক ম্যাচে হেরেই চলছেন সিনিয়র মেয়েরাও। জাতীয় আসরের আগে প্রস্তুতি না নিয়ে খেলতে গিয়ে একেবারে হতশ্রী চেহারা দলের! পরাজয় যেনও পিছু ছাড়ছে না ত্রিপুরার।
মঙ্গলবার গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে রাজ্যদল হেরেছে তামিলনাড়ুর কাছে ৩২ রানে। লখনউতে ভারত রত্ন শ্রী অটল বিহারী বাজপেয়ী একানা স্টেডিয়ামে তামিলনাড়ুর ১৫৫ রানের জবাবে রাজ্যের মেয়েরা ১২৩ রান করতে সক্ষম হয়। ব্যাট হাতে ব্যর্থতার ধারবাহিকতা ধরে রেখেছে গোটা দল!
টসে জিতে তামিলনাড়ু নির্ধারিত ওভারে ৮ উইকেট হারিয়ে ১৫৫ রান করে। তামিলনাড়ুকে টেনে নিয়ে যান ওপেনার দায়ালান হামালাথা এবং গুনালান কামালিনি। দায়ালান ৫৮ এবং গুণালন ৪৪ রান করেন। এছাড়া এস জি শেইনিথি ২৮ রান করেন। ত্রিপুরার অন্নপূর্ণা দাস ২৩ রানে ৩টি, তামান্না নিগম ১২ রানে এবং পূজা দাস ৩৫ রানে ২টি করে উইকেট ভাগ করেন। জবাবে খেলতে নেমে শুরু থেকেই উইকেট হারিয়ে চাপে পড়ে যায় দল। শেষ পর্যন্ত নির্ধারিত ওভারে ৫ উইকেট হারিয়ে ১২৩ রান করতে সক্ষম হয়। আম্বেশা দাস ১৮ বল-এ ৪টি বাউন্ডারির সাহায্যে ২৬, ইন্দ্ররানী জমাতিয়া ২৪ বল-এ ৩টি বাউন্ডারির সাহায্যে ২৫, মৌচৈতি দেবনাথ ৩১ বল-এ ৩টি বাউন্ডারির সাহায্যে ২৫ ,ঝুমকী দেবনাথ ২৫ বল-এ ৩টি বাউন্ডারির সাহায্যে ২৪ এবং দলনায়িকা রিজু সাহা ১৫ বল-এ ১টি বাউন্ডারির সাহায্যে ১৩ রান করেন। তামিলনাড়ুর কীর্থানা ১৪ রানে ২টি উইকেট পান। ২৯ অক্টোবর ত্রিপুরার তৃতীয় প্রতিপক্ষ গুজরাট। টানা ২ ম্যাচে হেরে মানসিক ভাবে ভেঙে পড়েছেন ক্রিকেটাররা।


