আবারও পয়েন্ট নষ্ট করলো ত্রিপুরা পুলিশ। তুলনায় দুর্বল ফ্রেন্ডস ইউনিয়নের কাছে আটকে গেলো ১-১ গোলে। এতে দ্বিতীয় ডিভিশন লিগের ট্রফির দৌড়ে জোর ধাক্কা খেলো।
উমাকান্ত মিনি স্টেডিয়ামে এদিনের লড়াইয়ে শুরুতেই ৩ মিনিটে পিছিয়ে পড়ে পুলিশ। অনন্ত লাল জমাতিয়া জাল নাড়িয়ে দেন। শুরুতে পিছিয়ে গিয়ে ক্যাপ নিয়ে ফেরার চেষ্টা করে পুলিশের ফুটবলাররা। আক্রমণ শানায় একের পর এক। কিন্তু প্রথমার্ধে জাল নড়ে নি।
বিরতির পর চাপ আরো বাড়ায় পুলিশ। অপরদিকে গোল ধরে রাখতে ফ্রেন্ডসের কিল্লার ফুটবলাররা আপ্রাণ চেষ্টা করে। ম্যাচের ৬০ মিনিটে অনিকেত জমাতিয়া ১-১ করলে ম্যাচ জমে উঠে। জয়ের জন্য চেষ্টা করেও পুলিশ গোলের দেখা পায় নি। উল্টো রেফারিকে ঘুষ নেয়ার অভিযোগ এনে গালাগাল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়ে কেলভিন ডার্লং। কেলভিন লালকার্ড দেখায় ১০ জনে নেমে লড়ে পুলিশ। পয়েন্ট ভাগ করে মাঠ ছাড়ে।


