বিলোনিয়ায় ওরিয়েন্টাল ক্লাব আয়োজিত তৃতীয় বর্ষ প্রাইজমানি ফুটবল প্রতিযোগিতায় তালফা ত্রিপুরা আসরের প্রথম হ্যাটট্রিক করেন। এতেই মুভিং একাদশকে বিধ্বস্ত করে প্রি-কোয়ার্টার ফাইনালে উঠে সাউথ সোনাইছড়ি। বৃহস্পতিবার বিদ্যাপীঠ মিনি স্টেডিয়ামে ম্যাচের শুরুতেই এগিয়ে গিয়েছিল মুভিং একাদশ। কিন্তু তালফার দাপটে এগিয়ে থেকেও হারতে হলো। ৬ মিনিটের ঝড়ে লণ্ডভণ্ড হয়ে পড়ে মুভিং একাদশ। এদিন ম্যাচের শুরুতেই আক্রমণে গিয়ে মুভিং একাদশকে এগিয়ে দেন নিবাস ত্রিপুরা। গোল হজম করেও ম্যাচে ফেরার জন্য তেড়েফুঁড়ে উঠেন সাউথ সোনাইছড়ি দলের ফুটবলাররা। শুরু হয় পাল্টা আক্রমণ। এতেই মুভিং একাদশের রক্ষণভাগে চিড় ধরে। ২৬ এবং ৩৩ মিনিটে পরপর দুটি গোল করে সাউথ সোনাইছড়ি দলকে এগিয়ে দেন নায়ক তালফা ত্রিপুরা। বিরতির পর আক্রমণের গতি আরও বাড়ায় সাউথ সোনাইছড়ি দল। এই সময় প্রায় ৬ মিনিটের ঝড়ে মুভিং একাদশের যাবতীয় প্রতিরোধ ভেঙে যায়। ম্যাচের ৫৩ মিনিটে লিটন উচাই, ৫৫ মিনিটে কাপলাই উচাই এবং ৫৯ মিনিটে তালফা ত্রিপুরা গোল করে সাউথ সোনাইছড়ি দলকে বড় ব্যবধানে জয় এনে দেন। খেলা পরিচালনা করেন টিংকু দে। এদিন ম্যাচটি দেখতে প্রচুরসংখ্যক ফুটবলপ্রেমী উপস্থিত ছিলেন মাঠে।
এলেম-এর অনবদ্য হ্যাটট্রিক
কিল্লায় বরাক ফুটবল সংস্থা আয়োজিত নাইন সাইড ফুটবল প্রতিযোগিতায়
এলেম জমাতিয়া করলেন অনবদ্য হ্যাটট্রিক। এতেই জয় পেয়ে কোয়ার্টার ফাইনালে উঠলো কলমখাই এফ সি। হারালো ওয়াজেই বাসায় এফ সি দলকে। নোয়াবাড়ি মিনি স্টেডিয়ামে বৃহস্পতিবার অনুষ্ঠিত হয় আসরে দ্বিতীয় প্রি-কোয়ার্টার ফাইনাল। মুষলধারে বৃষ্টির জন্য মাঠ খেলার অনেকটা অনুপযুক্ত হয়ে পড়েছিল। উদ্যোক্তারা আপ্রাণ চেষ্টা করে মাঠকে খেলার অবস্থায় নিয়ে আসেন। ম্যাচের ২১, ২৯ এবং ৩৭ মিনিটে পরপর তিনটি গোল করে এলেম জমাতিয়া নিজের হ্যাটট্রিক করার পাশাপাশি কলমখাই দলকে এগিয়ে দেন ৩-০ গোলে। বিরতির পর বিজিত দলের সরল জমাতিয়া ব্যবধান কমান। শেষ পর্যন্ত ৩-১ গোলে জয়লাভ করে কলমখাই। খেলা পরিচালনা করেন মাখনলাল জমাতিয়া।


